সুষ্ঠু ভোট হলে যে কোনো ফলাফলই বিএনপি মেনে নিবে : মাহদী আমিন

- আপডেট: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬
- / 5
নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হলে ফলাফল যাই হোক না কেন, বিএনপি তা মেনে নেবে বলে জানিয়েছেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা ও নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ড. মাহদী আমিন। তিনি বলেছেন, দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় একটি নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলে বিএনপির নিরঙ্কুশ বিজয় অনিবার্য।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচনী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
ড. মাহদী আমিন বলেন, নির্বাচন কমিশনে গত এক মাস ধরে বিএনপি যেসব অভিযোগ উত্থাপন করেছে, তার কিছু ক্ষেত্রে সমাধান মিলেছে, কিছু ক্ষেত্রে দেরি হয়েছে এবং কিছু বিষয়ে এখনো কার্যকর পদক্ষেপ দেখা যায়নি। তিনি আশা প্রকাশ করেন, যে কোনো দলের পক্ষ থেকে উত্থাপিত অভিযোগ সত্য হলে নির্বাচন কমিশন তা গুরুত্বসহকারে বিবেচনা করবে এবং প্রয়োজন অনুযায়ী দ্রুত ব্যবস্থা নেবে।
নির্বাচনী মাঠের চিত্র তুলে ধরে তিনি বলেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের প্রচারণায় সারা দেশে যে গণসমর্থন দেখা যাচ্ছে, তাতে জনরায়ের দিক থেকে বিএনপি সর্বোচ্চ অবস্থানে রয়েছে। এই বাস্তবতা উপলব্ধি করেই একটি নির্দিষ্ট রাজনৈতিক দল বিভ্রান্তিকর প্রচারণা চালাচ্ছে, ধর্মীয় আবেগকে ব্যবহার করে ভোট চাইছে এবং সহিংসতার ইঙ্গিত দিচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
ড. মাহদী আমিন আরও দাবি করেন, নিশ্চিত পরাজয়ের আশঙ্কা থেকেই কিছু দলের নেতাকর্মীরা অর্থ ও উপহারের মাধ্যমে ভোট কেনার চেষ্টা করছে, যা নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। তিনি বলেন, যারা সারাক্ষণ দুর্নীতিবিরোধী বক্তব্য দেয়, তারাই যদি ভোটের মাঠে অর্থ ছড়িয়ে প্রভাব বিস্তারের চেষ্টা করে, তাহলে সেটি রাজনৈতিক নৈতিকতার চরম ব্যর্থতা।
এ প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, রাজধানীর একটি আসনে ভোট কেনার চেষ্টার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা দেশজুড়ে আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে। তার মতে, এটি শুধু আচরণবিধি লঙ্ঘন নয়, বরং জনগণের সঙ্গে প্রতারণার শামিল।
সংবাদ সম্মেলনে ড. মাহদী আমিন নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করে বলেন, নির্বাচনী আচরণবিধি অনুযায়ী এসব অপরাধ শাস্তিযোগ্য। অবিলম্বে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
তিনি পুনর্ব্যক্ত করেন, বিএনপি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে বিশ্বাসী। জনগণের রায়ের প্রতি সম্মান দেখিয়ে অবাধ নির্বাচনের মাধ্যমে যে ফলই আসুক, দল তা মেনে নেবে।




























