দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত অবধারিত জামায়াত প্রার্থীর বক্তব্যের ভিডিও ভাইরাল

- আপডেট: সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
- / 17
লক্ষ্মীপুর-৪ (রামগতি–কমলনগর) আসনে জামায়াত সমর্থিত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী এ আর হাফিজ উল্যাহর একটি বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে তাকে বলতে শোনা যায়, “দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত অবধারিত।” বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা-সমালোচনা শুরু হয়েছে এবং অনলাইনে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।
এ আর হাফিজ উল্যাহ জেলা জামায়াতের সেক্রেটারি এবং রামগতি উপজেলার বাসিন্দা। স্থানীয় সূত্র জানায়, কয়েক দিন আগে কমলনগরের একটি এলাকায় নির্বাচনী গণসংযোগে বক্তব্য দেন তিনি। রোববার (৮ ফেব্রুয়ারি) ওই বক্তব্যের একটি ভিডিও ক্লিপ ফেসবুকে ছড়িয়ে পড়ে।
ভাইরাল ভিডিওতে প্রার্থীকে বলতে শোনা যায়, ইসলামের ও কোরআনের পক্ষে দাঁড়িয়ে দাঁড়িপাল্লায় ভোট দিলে “সওয়াবের ভাগীদার” হওয়া যাবে এবং “জান্নাত অবধারিত” হবে। একই সঙ্গে তিনি বলেন, কোরআনের বিরুদ্ধে ভোট দিলে গুনাহের অংশীদার হতে হবে।
ভিডিওতে আরও শোনা যায়, প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা নির্বাচিত হলে টেন্ডারবাজি ও চাঁদাবাজি বাড়তে পারে—এমন দাবি করে তিনি বলেন, তাদের দ্বারা দুর্নীতি হবে না। বক্তব্যে তিনি বিধবা ভাতা, বয়স্ক ভাতা ও জেলে কার্ড বিতরণে অনিয়মের অভিযোগও তুলে ধরে ভোট চান।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে। একজন ব্যবহারকারী ভিডিওটি শেয়ার করে ব্যঙ্গ করে লিখেছেন, “জান্নাতের টিকিট দিতে পারলে আমার প্রথম ভোট আপনাকে।”
তবে অভিযোগ অস্বীকার করেছেন এ আর হাফিজ উল্যাহ। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ভিডিওটি “আংশিক” এবং “বিভ্রান্তিকরভাবে” ছড়িয়ে দেওয়া হয়েছে। তার দাবি, এটি ছিল একটি অভ্যন্তরীণ কর্মসূচি, যেখানে তিনি আরও অনেক কথা বলেছেন; ক্লিপটি কেটে জোড়া দিয়ে ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে। তিনি জানান, বিষয়টি নিয়ে তারা প্রতিবাদ জানাবেন।




























