এলপিজির দাম কমছে : প্রেস সচিব

- আপডেট: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
- / 63
খুচরা বাজারে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)–এর দাম আরও কমার সম্ভাবনার কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, এলপি গ্যাসের স্থানীয় উৎপাদন ও ব্যবসায়িক পর্যায়ে যে ৭ দশমিক ৫ শতাংশ ভ্যাট এবং ২ শতাংশ আগাম কর আরোপ ছিল, তা থেকে অব্যাহতি দেওয়ার একটি প্রস্তাব অনুমোদিত হয়েছে। একই সঙ্গে আমদানি পর্যায়ে এলপি গ্যাসের ওপর ৭ দশমিক ৫ শতাংশ ভ্যাট আরোপের সিদ্ধান্তও নেওয়া হয়েছে।
প্রেস সচিবের ভাষ্য অনুযায়ী, এসব পরিবর্তনের ফলে এলপি গ্যাসের ওপর মোট করের চাপ কিছুটা কমবে। তিনি জানান, করভার কমার প্রভাব খুচরা বাজারেও পড়বে এবং সে কারণে ভোক্তা পর্যায়ে এলপিজির দাম আরও কমতে পারে বলে সরকার আশা করছে।
বিষয়টি নিয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে তিনি উল্লেখ করেন।




























