বিশ্বকাপে পাকিস্তানের বদলে উগান্ডাকে খেলাতে পারে আইসিসি

- আপডেট: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬
- / 16
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান খেলবে কি না—এই দীর্ঘ অচল অবস্থা শেষ হয়েছে গত রোববার। পাকিস্তান সরকার জানিয়েছে, দেশটি বিশ্বকাপে অংশ নেবে, তবে ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে অংশ নেবে না সালমান আলী আঘারা ও অন্যান্য খেলোয়াড়রা।
এই সিদ্ধান্তের পর থেকেই সমালোচনা কম হয়নি। আইসিসি পাকিস্তানকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে এবং সতর্কবার্তা দিয়েছে। বিভিন্ন সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, যদি পাকিস্তান নিজ অবস্থান পরিবর্তন না করে, আইসিসি কঠোর ব্যবস্থা নিতে পারে, যার মধ্যে পুরো বিশ্বকাপ থেকে পাকিস্তানকে নিষিদ্ধ করার সম্ভাবনা রয়েছে।
পাকিস্তান নিষিদ্ধ হলে তাদের জায়গায় বিশ্বকাপে খেলতে পারে কোন দল? এনডিটিভি জানিয়েছে, র্যাঙ্কিং বিবেচনায় আফ্রিকার দেশ উগান্ডার সুযোগ উন্মুক্ত থাকবে।
পাকিস্তান ম্যাচ বয়কটের ঘটনা শুরু হয় মোস্তাফিজুর রহমানের আইপিএল থেকে বাদ পড়ার বিষয়কে কেন্দ্র করে। এরপর বাংলাদেশও ভারতের বিপক্ষে বিশ্বকাপ না খেলার অবস্থান নেয়। পরে বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে সুযোগ দেয় আইসিসি।
পাকিস্তান সরকারের পক্ষ থেকে পরবর্তীতে জানানো হয়, পুরো বিশ্বকাপ নয়, শুধু ভারতের বিপক্ষে গ্রুপ ম্যাচে অংশ নেবে দল। আইসিসি তখনও পাকিস্তানকে পুনর্বিবেচনার আহ্বান জানাচ্ছে। কারণ এই ম্যাচের সঙ্গে বড় পরিমাণ রাজস্ব জড়িত।
পাকিস্তানের ওপর সম্ভাব্য শাস্তির মধ্যে রয়েছে:
পুরোপুরি নিষিদ্ধ করা: আন্তর্জাতিক ক্রিকেট থেকে স্থায়ীভাবে পাকিস্তানকে বাতিল করা।
এনওসি স্থগিত: বিদেশি ক্রিকেটারদের পিএসএল খেলায় অংশ নেওয়া বন্ধ।
রাজস্ব বণ্টন স্থগিত: আইসিসি থেকে পাকিস্তানের রাজস্ব অর্থাৎ বছরে প্রায় ৩.৪৫ মিলিয়ন মার্কিন ডলার (বাংলাদেশি প্রায় ৪২৩ কোটি টাকা) বন্ধ করা।
এছাড়া বিশ্বকাপ থেকেও পাকিস্তানকে বাদ দেওয়ার সম্ভাবনা রয়েছে। যদি এটি বাস্তবায়িত হয়, তাহলে পাকিস্তানের জায়গায় সুযোগ পাবে উগান্ডা। স্কটল্যান্ডের উদাহরণ অনুসারে, র্যাঙ্কিংয়ের ভিত্তিতে বিশ্বকাপে অংশ নিতে পারে ২১ নাম্বারে থাকা উগান্ডা।
এভাবে পাকিস্তান বাদ পড়লে বিশ্বকাপে নতুন চমক হিসেবে দেখা যেতে পারে উগান্ডার।




























