আমদানি-বাজার তথ্য এবার জনগণের জন্য উন্মুক্ত: এনবিআরের ঘোষণা

- আপডেট: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬
- / 22
আমদানি-বাণিজ্য সংক্রান্ত তথ্য সহজলভ্য, স্বচ্ছ ও জনগণের জন্য উন্মুক্ত করতে এনবিআর এবার এইচএস কোডভিত্তিক পণ্য আমদানি তথ্য তাদের ওয়েবসাইটে প্রকাশ করেছে। উদ্যোক্তা, শিক্ষার্থী, ব্যবসায়ী, গবেষক ও সাংবাদিকদের দীর্ঘদিনের দাবি মেনে নেওয়া এই সিদ্ধান্ত।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) এনবিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ওয়েবসাইটের ‘পাবলিকেশন’ পোর্টালের ‘কাস্টমস’ লিংকে ২০২৫ সালের ডিসেম্বর মাসে বাণিজ্যিক ও বন্ড সুবিধায় আমদানিকৃত পণ্যের বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়েছে। এখানে প্রতিটি পণ্যের পরিমাণ, ওজন এবং মূল্যসহ এইচএস কোডভিত্তিক শ্রেণিবিন্যাস অনুযায়ী তথ্য অন্তর্ভুক্ত রয়েছে।
এনবিআর জানিয়েছে, নিয়মিতভাবে এই তথ্য প্রকাশের মাধ্যমে সংশ্লিষ্টরা নির্ভরযোগ্য উপাত্ত ব্যবহার করতে পারবে। এতে আন্তর্জাতিক বাজারে পণ্যের তুলনামূলক দাম, ওঠানামা এবং আমদানি প্রবণতা বিশ্লেষণ সহজ হবে। এছাড়া বাণিজ্য কাঠামো, বন্ড সুবিধা, শিল্প উপকরণের প্রবাহ ও রপ্তানিমুখী শিল্পের সহায়তা মূল্যায়নেও সুবিধা মিলবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ট্রেড ফ্যাসিলিটেশন বা বাণিজ্য সহজীকরণের অংশ হিসেবে বাণিজ্যিক ও বন্ড সুবিধায় পণ্য আমদানি সংক্রান্ত তথ্য প্রতি মাসে নিয়মিতভাবে ওয়েবসাইটে প্রকাশ অব্যাহত থাকবে।




























