দলীয় প্রতীক ছাড়াই হবে স্থানীয় সরকার নির্বাচন: প্রতিমন্ত্রী
সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বলেছেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচন অতীতের যেকোনো সময়ের তুলনায় আরও স্বচ্ছ ও গ্রহণযোগ্য করার চেষ্টা করবে সরকার। তিনি জানান, এ নির্বাচনে কোনো দলীয় প্রতীক থাকবে না।রোববার দুপুরে নাটোর জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।ফারজানা শারমিন পুতুল বলেন, স্থানীয় সরকার ব্যবস্থাকে পুরোপুরি সক্রিয় করতে সরকার কাজ করছে। এ ক্ষেত্রে যোগ্য, সৎ, শিক্ষিত ও জনসম্পৃক্ত ব্যক্তিদের নির্বাচিত করার ওপর গুরুত্ব দেওয়া হবে।তার ভাষ্য, এমন মানুষদের স্থানীয় সরকারে আনা প্রয়োজন, যারা দীর্ঘদিন ধরে দুর্বল হয়ে পড়া স্থানীয় সরকার ব্যবস্থাকে পুনরুজ্জীবিত করতে পারবেন এবং জনগণের সঙ্গে সরাসরি কাজ করতে সক্ষম হবেন।প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার জনগণের প্রত্যাশা পূরণে কাজ করছে। তবে মানুষের সব চাহিদা এখনো পূরণ করা সম্ভব হয়নি। গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি তেলের সংকটকে তিনি বর্তমান সময়ের গুরুত্বপূর্ণ সমস্যাগুলোর মধ্যে উল্লেখ করেন।তিনি বলেন, দীর্ঘ সময় ধরে এসব খাতে বাংলাদেশকে অন্যের ওপর নির্ভরশীল করে রাখা হয়েছে। সরকার এখন এমন সমাধান চায়, যাতে ভবিষ্যতে জ্বালানি ও বিদ্যুৎ খাতে বাইরের ওপর অতিরিক্ত নির্ভরতা কমানো যায়।ফারজানা শারমিন পুতুল আরও বলেন, সমস্যা থেকে সমাধানের দিকে যাওয়ার এই সময়টি সাধারণ মানুষের জন্য কষ্টকর। সে কারণে সরকারও জনগণের দুর্ভোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে।তার দাবি, প্রধানমন্ত্রীসহ সরকারের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা জনগণের কষ্টের জন্য দুঃখ প্রকাশ করেছেন এবং সমস্যাগুলো সমাধানে আন্তরিকভাবে কাজ করছেন।তিনি বলেন, চলমান সমস্যাগুলোর সমাধানে সরকারের প্রচেষ্টার পাশাপাশি জনগণের সহযোগিতাও প্রয়োজন।জেলা প্রশাসক সুমনী আক্তারের সভাপতিত্বে সভায় পুলিশ সুপার শরিফুল হক, সিভিল সার্জন মশিউর রহমান, জেলা বিএনপির সদস্যসচিব আসাদুজ্জামান আসাদসহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।