ভালো শিল্পী অন্যায় কাজে জড়ায় না: সংস্কৃতি প্রতিমন্ত্রী
সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেছেন, একজন ভালো মানের শিল্পী কখনো অন্যায় কাজে জড়াতে পারেন না। তিনি বলেন, দেশে সারা বছর সাংস্কৃতিক চর্চা অব্যাহত রাখতে হবে এবং আগামী শীত মৌসুমে সারা দেশে সাংস্কৃতিক উৎসব আয়োজন করা হবে।শনিবার দুপুর ১টায় হবিগঞ্জ শিল্পকলা একাডেমিতে সফলভাবে শেষ হওয়া তিন দিনব্যাপী চারুকলা প্রদর্শনী, কর্মশালা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।প্রতিমন্ত্রী আরও জানান, সংস্কৃতি আমাদের জাতীয় অর্থনীতির সঙ্গে জড়িত এবং চিত্রশিল্পীদের আঁকা ছবির ভালো বাজার রয়েছে। তবে মানুষ আনন্দ ও সৃজনশীলতার জন্যও ছবি আঁকে। সুস্থ সাংস্কৃতিক চর্চার মাধ্যমে যুবসমাজকে ফিরিয়ে আনা জরুরি। লেখাপড়ার পাশাপাশি তাদের সাংস্কৃতিক বিকাশ ঘটানো প্রয়োজন।অনুষ্ঠানের শুরুতে জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশগুপ্ত স্বাগত বক্তব্য দেন। অনুষ্ঠানে হবিগঞ্জ পৌরসভার প্রশাসক মঈনুল হক, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজি এনামুল হক, জেলা সাহিত্য পরিষদের সভাপতি তাহমিনা বেগম গিনিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।