৪৮ দেশের সঙ্গে বাংলাদেশের সাংস্কৃতিক সম্পর্ক স্থাপন হয়েছে: সংস্কৃতিমন্ত্রী
বাংলাদেশের সঙ্গে বিশ্বের ৪৮টি দেশের সাংস্কৃতিক কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়েছে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। তিনি বলেন, দেশের হাজার বছরের ঐতিহ্য পুনরুজ্জীবিত করতে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সংস্কৃতিকে আরও শক্তিশালীভাবে তুলে ধরতে সরকার বিভিন্ন দেশের সঙ্গে সাংস্কৃতিক সহযোগিতা সম্প্রসারণে কাজ করছে।শুক্রবার (২৬ জুন) ঝিনাইদহ জেলা পরিষদ ও জেলা প্রশাসক কার্যালয় চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।[BANGVIEWS-POST:662]সংস্কৃতিমন্ত্রী বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকার দেশের উন্নয়ন ও অগ্রগতির লক্ষ্যে কাজ করছে। তিনি দাবি করেন, বিগত বছরগুলোতে শিক্ষা, সংস্কৃতি, আইন এবং বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠান দুর্বল হয়ে পড়েছিল। বর্তমান সরকার এসব প্রতিষ্ঠানকে আরও কার্যকর ও শক্তিশালী করতে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে।তিনি জানান, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মাধ্যমে দেশের প্রাচীন স্থাপনা ও ঐতিহাসিক নিদর্শন সংরক্ষণ এবং পুনরুদ্ধারের লক্ষ্যে খনন কার্যক্রম পরিচালিত হচ্ছে। পাশাপাশি জাতীয় গ্রন্থকেন্দ্র এবং দেশের বিভিন্ন পাবলিক লাইব্রেরিকে সক্রিয় ও কার্যকর করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।[BANGVIEWS-POST:665]অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বলেন, দেশের সাংস্কৃতিক অঙ্গনকে সুস্থ ধারায় ফিরিয়ে আনতে অশালীন যাত্রাপালা ও সাংস্কৃতিক আয়োজন নিরুৎসাহিত করা হচ্ছে। এর পরিবর্তে জীবনমুখী, ঐতিহ্যনির্ভর এবং লোকজ সংস্কৃতির বিকাশে জেলা ও উপজেলা প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।তিনি আরও বলেন, বিলুপ্তপ্রায় লোকজ সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। ভাটিয়ালি, ভাওয়াইয়া, পুঁথিসাহিত্য, খনার বচন, লালনগীতি এবং জারি-সারি গানের পাণ্ডুলিপি অনুসন্ধান, সংরক্ষণ ও গবেষণার উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।