অস্কারজয়ী নির্মাতা আলেহান্দ্রো গঞ্জালেজ ইনারিতুর নতুন সিনেমা ‘ডিগার’-এর প্রথম পূর্ণাঙ্গ ট্রেলার প্রকাশ পেয়েছে। এতে হলিউড তারকা টম ক্রুজকে তার পরিচিত অ্যাকশন নায়কের রূপের বাইরে সম্পূর্ণ ভিন্ন চেহারায় দেখা গেছে।ট্রেলারে ধূসর আঁচড়ানো চুল, ভারী শরীর, কৃত্রিম বলিরেখা ও যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় উচ্চারণে কথা বলতে দেখা যায় টম ক্রুজকে। সিনেমাটি ২০২৬ সালের ২ অক্টোবর বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।কমেডি ও নাটকনির্ভর সিনেমাটিতে টম ক্রুজ অভিনয় করেছেন ডিগার রকওয়েল নামের এক প্রভাবশালী তেল ব্যবসায়ীর চরিত্রে। তার প্রতিষ্ঠানের একটি প্রকল্প থেকে ভয়াবহ বিপর্যয় তৈরি হওয়ার পর নিজেকেই মানবজাতির রক্ষাকর্তা প্রমাণ করতে মরিয়া হয়ে ওঠেন তিনি।লস অ্যাঞ্জেলেসে ট্রেলার প্রদর্শন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে টম ক্রুজ জানান, চরিত্রটি তার অভিনয়জীবনের অন্যতম কঠিন ও ব্যতিক্রমী কাজ। দর্শকেরা তাকে এমন এক ভূমিকায় দেখবেন, যা তার আগের সিনেমাগুলো থেকে অনেকটাই আলাদা।[BANGVIEWS-POST:1759]সিনেমায় টম ক্রুজের সঙ্গে অভিনয় করেছেন জন গুডম্যান, রিজ আহমেদ, জেসি প্লেমন্স, সান্দ্রা হুলার, মাইকেল স্টুলবার্গ, সোফি ওয়াইল্ড ও এমা ডারসি।‘দ্য রেভেন্যান্ট’ নির্মাণের পর ইনারিতুর মাথায় সিনেমাটির প্রাথমিক ধারণা আসে। দীর্ঘ সময় ধরে গল্প ও নির্মাণ পরিকল্পনা নিয়ে কাজ করার পর তিনি প্রকল্পটি পর্দায় নিয়ে এসেছেন।সিনেমাটির আরেকটি বিশেষ দিক হলো, এটি সম্পূর্ণভাবে ভিস্তাভিশন প্রযুক্তিতে ধারণ করা হয়েছে। ১৯৫০-এর দশকে জনপ্রিয় হওয়া এই অ্যানালগ চলচ্চিত্র পদ্ধতি বড় পর্দায় বিস্তৃত ও উচ্চমানের দৃশ্য উপস্থাপনের জন্য পরিচিত।‘ডিগার’ দিয়ে দীর্ঘদিন পর কোনো বড় ফ্র্যাঞ্চাইজির বাইরের প্রধান চরিত্রে ফিরছেন টম ক্রুজ। তার শারীরিক পরিবর্তন ও ব্যতিক্রমী চরিত্রের কারণে ট্রেলার প্রকাশের পর থেকেই সিনেমাটি ঘিরে দর্শকদের আগ্রহ বেড়েছে।