ঢাকা    বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ ১১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি গ্রেপ্তার

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সাবেক অফিসার ইনচার্জ (ওসি) মো. রাকিবুল হাসানকে রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর পর আদালতে হাজির করার প্রক্রিয়া শুরু হয়।এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিও রেকর্ডের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য রাকিবুল হাসানকে ডেকেছিল ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ঘটনাটি তদন্তে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) তিন সদস্যের একটি কমিটিও গঠন করে। কমিটিতে ডিবির একজন এবং ডিএমপি সদরদপ্তরের দুজন কর্মকর্তা রাখা হয়। গত ১৭ সেপ্টেম্বর ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম জানিয়েছিলেন, ছড়িয়ে পড়া অডিওর বিষয়ে গঠিত কমিটি রাকিবুল হাসানকে জিজ্ঞাসাবাদ করবে। পরে তাকে ডিবি হেফাজতে নেওয়া হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই অডিওতে পুলিশ বাহিনীর পরিস্থিতি, সরকার ও রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে এক ব্যক্তিকে কথা বলতে শোনা যায়। পুলিশের ঊর্ধ্বতন ও মাঠপর্যায়ের কর্মকর্তাদের রাজনৈতিক অবস্থান এবং পুলিশ কর্মকর্তাদের পদায়নে অর্থ লেনদেনের অভিযোগও ওই কথোপকথনে উঠে আসে। তবে অডিওটি নিজের নয় বলে দাবি করেছিলেন রাকিবুল হাসান। তার বক্তব্য ছিল, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে এটি তৈরি করা হয়েছে। অডিওটির সত্যতা, উৎস এবং সেটি সম্পাদনা বা বিকৃত করা হয়েছে কি না, তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে যাচাইয়ের দাবিও উঠেছিল। অডিও ছড়িয়ে পড়ার পর রাকিবুল হাসানকে ক্যান্টনমেন্ট থানার ওসির দায়িত্ব থেকে সরিয়ে ডিএমপি সদরদপ্তরের কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে সংযুক্ত করা হয়। ডিএমপির আদেশে ওই পদক্ষেপকে প্রশাসনিক কারণে নেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়েছিল। বৃহস্পতিবার তাকে রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তবে তাকে রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে কি না, প্রতিবেদন লেখা পর্যন্ত সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি গ্রেপ্তার