আফগানিস্তান ও পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে ৫.২ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। দুই দেশের একাধিক প্রদেশ ও অঞ্চলে কম্পন অনুভূত হলেও তাৎক্ষণিকভাবে কোথাও হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ইউরোপীয়-মধ্যপ্রাচ্য ভূকম্পন কেন্দ্রের (ইএমএসসি) তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.২। স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি (এএ) এ তথ্য জানিয়েছে।
আফগান সংবাদমাধ্যম তোলোনিউজের প্রতিবেদন অনুযায়ী, দেশটির রাজধানী কাবুল, নানগারহারসহ আশপাশের বেশ কয়েকটি প্রদেশে ভূকম্পন অনুভূত হয়। তবে ভূমিকম্পের পরপরই সেখানে কোনো ধরনের হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।
অন্যদিকে, পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশ এবং উত্তরাঞ্চলের গিলগিত-বালতিস্তানের বিভিন্ন স্থানেও কম্পন অনুভূত হয়েছে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম জিও নিউজ। পাকিস্তানেও তাৎক্ষণিকভাবে কোনো প্রাণহানি বা সম্পদের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ভূমিকম্পটির উৎপত্তিস্থল, গভীরতা ও সুনির্দিষ্ট সময় সম্পর্কে সরবরাহ করা প্রতিবেদনে বিস্তারিত তথ্য উল্লেখ করা হয়নি।
সূত্র : আনাদোলু এজেন্সি
মন্তব্যসমূহ