ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফার ভোটে প্রতিদ্বন্দ্বী ফ্লাভিও বলসোনারোকে পরাজিত করে জয় পেয়েছেন বর্তমান প্রেসিডেন্ট ও বামপন্থী নেতা লুলা দ্য সিলভা। অল্প ব্যবধানে পাওয়া এ জয়ের মধ্য দিয়ে চতুর্থবারের মতো দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হলেন তিনি।
বাংলাদেশ সময় সোমবার (২৬ অক্টোবর) ভোর সোয়া ৬টার দিকে সংবাদমাধ্যম আলজাজিরা জানায়, ব্রাজিলের নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ৯৯ শতাংশ ব্যালট গণনা শেষে লুলা পেয়েছেন ৫১ দশমিক ৭৫ শতাংশ ভোট। তাঁর প্রতিদ্বন্দ্বী ফ্লাভিও বলসোনারো পেয়েছেন ৪৮ দশমিক ২৫ শতাংশ। দুই প্রার্থীর মধ্যে ব্যবধান খুব কম হওয়ায় ভোটের ফল নিয়ে শেষ মুহূর্ত পর্যন্ত দুই শিবিরেই উৎকণ্ঠা ছিল।
এর আগে গত ৪ অক্টোবর ব্রাজিলে প্রথম দফার প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়েছিলেন ফ্লাভিও বলসোনারো, আর দ্বিতীয় অবস্থানে ছিলেন লুলা দ্য সিলভা। তবে কোনো প্রার্থী এককভাবে ৫০ শতাংশ ভোট না পাওয়ায় নির্বাচন গড়ায় দ্বিতীয় দফায়। নিয়ম অনুযায়ী, প্রথম দফায় সর্বোচ্চ ভোট পাওয়া দুই প্রার্থী রানঅফে প্রতিদ্বন্দ্বিতা করেন। সেই ভোটেই ঘুরে দাঁড়িয়ে জয় নিশ্চিত করেন লুলা।
ফ্লাভিও বলসোনারোর বাবা জেয়ার বলসোনারো ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট। গত নির্বাচনে জেয়ারকে পরাজিত করেই ক্ষমতায় এসেছিলেন লুলা। তবে জেয়ার বলসোনারো সামরিক বাহিনীকে দিয়ে অভ্যুত্থান ঘটানোর চেষ্টা করেন এবং লুলার কাছে ক্ষমতা হস্তান্তরে গড়িমসি করেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। পরবর্তী সময়ে বিভিন্ন আইনি জটিলতায় জড়িয়ে তিনি আর নির্বাচনে অংশ নিতে পারেননি। তাঁর পরিবর্তে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন ছেলে ও সিনেটর ফ্লাভিও বলসোনারো। শেষ পর্যন্ত লুলার কাছে পরাজিত হলেন তিনিও।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির তথ্য অনুযায়ী, ১৯৮৮ সালের পর ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে এবারই প্রথম এমন ঘটনা ঘটল, যেখানে প্রথম দফায় সর্বোচ্চ ভোট পাওয়া প্রার্থী দ্বিতীয় দফার ভোটে পরাজিত হলেন।
সূত্র : বিবিসি
মন্তব্যসমূহ