বাংলাদেশের সঙ্গে ইউরোপের দুই দেশ স্পেন ও যুক্তরাজ্যের অর্থনৈতিক এবং সাংস্কৃতিক সম্পর্ক আরও জোরদার করতে পাঁচ দিনের সরকারি সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। সোমবার (২৬ অক্টোবর) শুরু হতে যাওয়া এই সফর চলবে আগামী ৩০ অক্টোবর পর্যন্ত।
রোববার (২৫ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সফরের বিস্তারিত কর্মসূচি জানানো হয়েছে।
সফরের প্রথম গন্তব্য স্পেনের সেভিল শহর। সেখানে সোমবার তৃতীয় ‘স্পেন-বাংলাদেশ এক্সপো ২০২৬’-এর উদ্বোধন করবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
স্পেন-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এসবিসিসিআই) আয়োজিত এ প্রদর্শনীর প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘শক্তিশালী অংশীদারত্ব, অভিন্ন সমৃদ্ধি’।
আয়োজকদের লক্ষ্য, বাংলাদেশের রপ্তানিকারকদের সঙ্গে স্পেনের উৎপাদনকারী প্রতিষ্ঠান, আমদানিকারক ও সম্ভাব্য বিনিয়োগকারীদের সরাসরি যোগাযোগের সুযোগ তৈরি করা। এর মাধ্যমে দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণ এবং নতুন বিনিয়োগ অংশীদারত্ব গড়ে তোলার সম্ভাবনা সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।
স্পেন সফরকালে বিভিন্ন প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে শামা ওবায়েদের। এসব বৈঠকে দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ, ব্যবসায়িক সহযোগিতা, পর্যটন, দক্ষতা উন্নয়ন এবং সাংস্কৃতিক বিনিময়ের বিষয়গুলো গুরুত্ব পাবে।
বিশেষ করে বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনাকে ইউরোপীয় অংশীদারদের সামনে তুলে ধরা এবং পারস্পরিক সহযোগিতার নতুন ক্ষেত্র চিহ্নিত করার ওপর গুরুত্ব দেওয়া হবে।
স্পেনে নির্ধারিত কর্মসূচি শেষে আগামী ২৯ অক্টোবর যুক্তরাজ্য সফরে যাবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। সেখানে ৩০ অক্টোবর পর্যন্ত তাঁর সরকারি কর্মসূচি চলবে।
যুক্তরাজ্য সফরের মূল আলোচ্য বিষয় হবে বাংলাদেশের শিল্পকলা ও সংস্কৃতির আন্তর্জাতিক পরিচিতি বাড়ানো এবং সাংস্কৃতিক সহযোগিতার পরিধি সম্প্রসারণ।
একই সঙ্গে বাংলাদেশের সৃজনশীল অর্থনীতির বিকাশে সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্রগুলো নিয়েও আলোচনা হবে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইউরোপীয় দেশগুলোর সঙ্গে অর্থনৈতিক কূটনীতি আরও কার্যকর করা, বাংলাদেশে বিনিয়োগ আকর্ষণ এবং সাংস্কৃতিক সম্পর্ক সম্প্রসারণের লক্ষ্যেই এই সফরের আয়োজন করা হয়েছে।
মন্ত্রণালয় জানিয়েছে, স্পেন ও যুক্তরাজ্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর কর্মসূচির মধ্য দিয়ে ইউরোপীয় অংশীদারদের সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার প্রতিফলিত হবে।
মন্তব্যসমূহ