ক্যারিয়ারের ১ হাজার গোলের ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করতে আর মাত্র ১৮ গোল প্রয়োজন ক্রিশ্চিয়ানো রোনালদোর। তবে আল ফয়সালির বিপক্ষে আল নাসরের জয়ের ম্যাচে তাঁর করা গোলটি নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। সৌদি প্রো লিগ গোলটি রোনালদোর নামে নথিভুক্ত করলেও ফুটবল পরিসংখ্যানবিষয়ক প্রতিষ্ঠান অপ্টা সেটিকে আত্মঘাতী গোল হিসেবে চিহ্নিত করেছে।
শুক্রবার (২৩ অক্টোবর) আল ফয়সালির বিপক্ষে ৩-১ ব্যবধানে জয় পায় আল নাসর। ম্যাচের ৪৯তম মিনিটে জোয়াও ফেলিক্সের ফ্রি-কিক থেকে গোলটি আসে। বলের দিকে উঁচুতে লাফিয়ে হেড করার চেষ্টা করেন ৪১ বছর বয়সী রোনালদো। এরপর বলটি আল ফয়সালির ডিফেন্ডার আন্দ্রেই জিরোত্তোর গায়ে লেগে জালে প্রবেশ করে।
গোলের পর রোনালদো তাঁর পরিচিত ‘সিউ’ উদযাপন করেন। তবে বলটিতে তাঁর মাথার স্পষ্ট স্পর্শ লেগেছিল কি না, তা নিয়ে সন্দেহ দেখা দেয়। এই সংশয়ের কারণেই গোলটির কৃতিত্ব নিয়ে ভিন্নমত তৈরি হয়।
সৌদি প্রো লিগের হিসাবে, গোলটি রোনালদোর ক্যারিয়ারের ৯৮২তম গোল। সেই হিসাবে ১ হাজার গোলের মাইলফলকে পৌঁছাতে তাঁর প্রয়োজন আর ১৮টি গোল। অন্যদিকে, অপ্টা গোলটিকে আত্মঘাতী হিসেবে নথিভুক্ত করেছে।
তবে সৌদি সংবাদমাধ্যম আরিয়াদিয়াহর প্রতিবেদনে বলা হয়েছে, ম্যাচ রেফারি আব্দুল্লাহ আল-ওয়াইদানের রিপোর্টের ভিত্তিতে গোলটি রোনালদোর নামেই রাখা হয়েছে। ফলে সৌদি প্রো লিগের আনুষ্ঠানিক হিসাবে গোলটির কৃতিত্ব পাচ্ছেন পর্তুগিজ এই তারকা।
প্রতিবেদনটিতে সৌদি প্রো লিগের অভ্যন্তরীণ সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, গোলদাতা নির্ধারণের ক্ষেত্রে ম্যাচ কর্মকর্তারা রেফারির রিপোর্ট অনুসরণ করেন। এ ক্ষেত্রে আন্তর্জাতিক ওয়েবসাইট কিংবা অ্যাপ্লিকেশনের পরিসংখ্যানকে সিদ্ধান্তের ভিত্তি হিসেবে বিবেচনা করা হয় না।
এ ছাড়া, রেফারির রিপোর্ট নিয়ে কোনো বিতর্ক দেখা দিলে বিষয়টি পর্যালোচনার জন্য সংশ্লিষ্ট কমিটির কাছে পাঠানো হতে পারে। তবে এই গোলের ক্ষেত্রে তেমন কোনো প্রক্রিয়া নেওয়া হয়নি বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি। তাদের ভাষ্য অনুযায়ী, রেফারি গোলটি রোনালদোর বলেই নিশ্চিত করেছেন।
ফলে অপ্টার পরিসংখ্যান ও সৌদি প্রো লিগের হিসাবের মধ্যে পার্থক্য থাকলেও লিগের নথিতে রোনালদোর গোলসংখ্যা এখন ৯৮২।
মন্তব্যসমূহ