প্রধানমন্ত্রী তারেক রহমানের সরাসরি নির্দেশেই তিনি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন এবং এই সিদ্ধান্তকে তিনি রাজনৈতিক জীবনের ‘সেরা পরামর্শ’ হিসেবে দেখছেন বলে জানিয়েছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ও সদ্য পদত্যাগ করা মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক দীর্ঘ পোস্টে পদত্যাগের এই নেপথ্য কারণ ও রাজনৈতিক প্রেক্ষাপট খোলাসা করেন বিএনপির এই প্রভাবশালী তরুণ নেতা।
দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর প্রতি অবিচল আনুগত্য প্রকাশ করে ঢাকার এই সংসদ সদস্য লেখেন, “আমি তাঁর প্রতি অন্ধ বিশ্বাস রাখা একজন নিবেদিত কর্মী। দেশনায়ক তারেক রহমান আমাকে ছোট ভাইয়ের মতো স্নেহ করেন এবং সবসময় আমার রাজনৈতিক ভবিষ্যৎ ও মঙ্গলের বিষয়টি বিবেচনায় রাখেন, যার প্রমাণ আমি জীবনে বহুবার পেয়েছি।” তিনি জানান, একটি অত্যন্ত কঠিন সংস্কারমূলক কাজে হাত দিতে গিয়ে তিনি একটি ভয়ংকর রাজনৈতিক চক্রান্তের মুখে পড়েছিলেন, তবে প্রধানমন্ত্রীর সময়োপযোগী দূরদর্শী নির্দেশনার কারণেই তিনি সেই ফাঁদ এড়িয়ে নিজেকে রক্ষা করতে সক্ষম হয়েছেন।
পোস্টের শেষাংশে নিজ দলের ভেতরের সুবিধাবাদী ও বিরোধীদের সঙ্গে আঁতাতকারীদের প্রতি তীব্র হুঁশিয়ারি উচ্চারণ করেন ইশরাক হোসেন। কঠোর ভাষায় তিনি লেখেন, “নিজ দলের সুযোগসন্ধানী কেউ যদি আঁতাতকারী হয়, প্রমাণ সাপেক্ষে অনুমতি নিয়েই উপযুক্ত জবাব দেওয়া হবে। আমরা ঢাকার সন্তান, এখানে কোনো ধরনের কূটচাল বা চক্রান্ত বরদাশত করা হবে না।”
মন্তব্যসমূহ