আসন্ন মার্কিন মধ্যবর্তী নির্বাচনে জয়ী হলে ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী এবং শীর্ষ ধনী ইলন মাস্কের ব্যবসায়িক স্বার্থ, প্রশাসনিক ভূমিকা ও কথিত দুর্নীতির বিরুদ্ধে তদন্ত শুরু করার পরিকল্পনা করছে ডেমোক্রেটিক পার্টি। ডেমোক্র্যাটদের এমন পরিকল্পনার খবর সামনে আসার পর তীব্র ক্ষোভ প্রকাশ করে তাদের উদ্দেশে সরাসরি কড়া হুমকি দিয়েছেন টেসলা ও স্পেসএক্সের প্রধান ইলন মাস্ক।
মার্কিন প্রভাবশালী সংবাদমাধ্যম ‘পলিটিকো’র একটি বিশেষ প্রতিবেদনের প্রতিক্রিয়ায় নিজের সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) মাস্ক লেখেন, “যে তরবারি দিয়ে আঘাত করবে, সে তরবারির আঘাতেই মরবে।” তিনি ডেমোক্র্যাটদের স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে আরও যোগ করেন, “যারা আমার সঙ্গে বিরোধে জড়াবে, তাদের বুঝতে হবে যে নেপথ্যে থেকে আসলে কে সুতা নাড়াচ্ছে তা আমি খুঁজে বের করব এবং শুধু অনুগত পুতুলদের পেছনে না ছুটে সরাসরি আসল মাথার পেছনেই লাগব।”
যুক্তরাষ্ট্রের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক রিপাবলিকান পার্টির শীর্ষ আর্থিক পৃষ্ঠপোষকদের অন্যতম। ২০২৪ সালের নির্বাচনে ট্রাম্পকে দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ফিরিয়ে আনতে বিপুল অর্থায়ন ও নীতিগত সহায়তা করেছিলেন তিনি। পরবর্তীতে ট্রাম্পের প্রশাসনে সরকারি ব্যয় সংকোচনের দায়িত্ব পেয়ে প্রায় তিন লাখ সরকারি চাকরিজীবী ছাঁটাইয়ের এক বিতর্কিত উদ্যোগের নেতৃত্ব দেন মাস্ক। তবে একই সঙ্গে তাঁর মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পেসএক্স মার্কিন সরকারের সঙ্গে বিলিয়ন ডলারের প্রতিরক্ষা ও মহাকাশ গবেষণা চুক্তি পাওয়ায় শুরু থেকেই স্বার্থের সংঘাতের প্রশ্ন তুলছিলেন বিরোধীরা।
বর্তমানে মার্কিন কংগ্রেসের সিনেট ও প্রতিনিধি পরিষদ—উভয় কক্ষেই রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা থাকলেও রাজনৈতিক বিশ্লেষকদের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে প্রতিনিধি পরিষদের (হাউস অব রিপ্রেজেন্টেটিভস) নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে চলে যেতে পারে। তেমনটি ঘটলে প্রভাবশালী কংগ্রেসনাল তদন্ত কমিটিগুলোর প্রধান হিসেবে ডেমোক্র্যাটরা দায়িত্ব পাবেন, যা তাঁদের সরকারি নথি তলব ও যে কাউকে শুনানিতে বাধ্য করার বিশেষ ক্ষমতা এনে দেবে। পলিটিকোর প্রতিবেদনে শীর্ষ ডেমোক্র্যাট সদস্য জো লোফগ্রেন অভিযোগ করে বলেন, মাস্কের স্বার্থের সংঘাত ও সরকারি প্রভাব খাটানোর যে নজির সামনে এসেছে, তা এককথায় স্তম্ভিত করার মতো। এ কারণেই ৩ নভেম্বরের ভোটের পর মাস্কের ব্যবসায়িক কার্যক্রম ডেমোক্র্যাটদের প্রধান লক্ষ্যে পরিণত হতে পারে বলে ধারণা করা হচ্ছে
মন্তব্যসমূহ