ঢাকা    বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ ৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

অস্ট্রেলিয়ায় গাড়িচাপায় দুই পা হারালেন নারী সংসদ সদস্য হেলেন হেইনস

ছবি : সংগৃহিত
ফলো করুন

অস্ট্রেলিয়ায় নিজের নির্বাচনী কার্যালয়ের বাইরে গাড়িচাপায় গুরুতর আহত স্বতন্ত্র সংসদ সদস্য হেলেন হেইনসের দুই পা কেটে ফেলতে হয়েছে। চিকিৎসকেরা অস্ত্রোপচারের মাধ্যমে তাঁর দুই পা অপসারণ করেছেন। পুলিশ ঘটনাটিকে পরিকল্পিত হামলা বলে সন্দেহ করছে। এ ঘটনায় ৪৩ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করে আদালতে হাজির করা হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) হেলেনের স্বামী ফিল হেইনস সাংবাদিকদের তাঁর শারীরিক অবস্থার তথ্য জানান। তিনি বলেন, ভয়াবহ আঘাত সত্ত্বেও তাঁর স্ত্রী বেঁচে আছেন এবং চিকিৎসাধীন অবস্থায় স্থিতিশীল রয়েছেন।

গত সোমবার (১৯ অক্টোবর) স্থানীয় সময় বিকেল ৩টা ৩৫ মিনিটের দিকে ভিক্টোরিয়া রাজ্যের ওয়ানগারাট্টা শহরে হেলেনের নির্বাচনী কার্যালয়ের বাইরে এ ঘটনা ঘটে।

পুলিশের অভিযোগ অনুযায়ী, ব্রেন্ডান নুজেন্ট নামের এক ব্যক্তি টয়োটা ল্যান্ডক্রুজার গাড়ি দিয়ে ৬৫ বছর বয়সী এই সংসদ সদস্যকে আঘাত করেন। প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় উঠে এসেছে, গাড়িটি তাঁকে আঘাত করার পর পেছনে নিয়ে আবারও ধাক্কা দেওয়া হয়।

গাড়ির আঘাতে গুরুতর আহত হন হেলেন। তাঁকে উদ্ধারে এগিয়ে আসেন আশপাশে থাকা সাধারণ মানুষ। জ্যাকব ও জ্যাকি ইভান্স নামের দুই প্রত্যক্ষদর্শীও উদ্ধারকাজে অংশ নেন। জ্যাকব নিজের গাড়িতে থাকা চিকিৎসাসামগ্রী ব্যবহার করে হেলেনের একটি পায়ের রক্তক্ষরণ বন্ধ করার চেষ্টা করেন।

পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে মেলবোর্নের একটি হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকেরা প্রথমে একটি পা অপসারণ করেন। অন্য পা বাঁচানোর চেষ্টা চালানো হলেও শেষ পর্যন্ত সেটিও কেটে ফেলতে হয়।

হেলেনের স্বামী ফিল হেইনস বলেন, ‘এত কিছুর মধ্যেও ভালো খবর হলো, তিনি বেঁচে আছেন।’

তিনি জানান, তাঁর স্ত্রীর সুস্থ হয়ে ওঠার পথ দীর্ঘ ও কঠিন হবে। তবে হেলেন মানসিকভাবে দৃঢ় রয়েছেন। পরিবারের ভালোবাসা ও সহযোগিতা নিয়ে তিনি পরিস্থিতি মোকাবিলা করবেন বলে আশা প্রকাশ করেন ফিল।

এ সময় হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ জানান তিনি। অস্ট্রেলিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে হেলেনের প্রতি সহমর্মিতা প্রকাশ করা ব্যক্তিদেরও কৃতজ্ঞতা জানান। পাশাপাশি তাঁকে সমর্থন জানাতে ইচ্ছুক ব্যক্তিদের সেভ দ্য চিলড্রেন তহবিলে অনুদান দেওয়ার আহ্বান জানান ফিল।

এদিকে হামলার ঘটনায় গ্রেপ্তার ব্রেন্ডান নুজেন্টকে বুধবার ওয়ানগারাট্টার স্থানীয় আদালতে হাজির করা হয়।

তাঁর বিরুদ্ধে বিপজ্জনকভাবে গাড়ি চালিয়ে গুরুতর আহত করা, ইচ্ছাকৃতভাবে গুরুতর আঘাত করা এবং কমনওয়েলথের একজন সরকারি কর্মকর্তাকে ক্ষতিগ্রস্ত করার অভিযোগ আনা হয়েছে। আদালতে গাঁজা চাষ ও রাখার অভিযোগসংক্রান্ত বিষয়ও রয়েছে।

পুলিশ জানিয়েছে, তদন্তের অগ্রগতির ভিত্তিতে তাঁর বিরুদ্ধে হত্যাচেষ্টাসহ আরও অভিযোগ আনা হতে পারে।

আদালতে নুজেন্ট কোনো বক্তব্য দেননি। তাঁর পক্ষ থেকে জামিনের আবেদনও করা হয়নি। আগামী ফেব্রুয়ারিতে তাঁকে আবার আদালতে হাজির করার কথা রয়েছে।

নুজেন্টের আইনজীবী তাঁর মানসিক স্বাস্থ্য নিয়ে উদ্বেগের কথা জানিয়েছেন। আদালতে তাঁর ইডিওপ্যাথিক ট্রান্সভার্স মাইলাইটিস নামে একটি বিরল স্নায়বিক রোগে আক্রান্ত থাকার বিষয়ও উঠে এসেছে। এটি মেরুদণ্ডের প্রদাহজনিত একটি রোগ।

তবে অভিযুক্তের স্বাস্থ্যগত পরিস্থিতির সঙ্গে হামলার কোনো সম্পর্ক রয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

ভিক্টোরিয়া পুলিশের কমিশনার মাইক বুশ জানিয়েছেন, অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশের সহযোগিতায় হামলার তদন্ত চলছে। ঘটনাটি পরিকল্পিত ছিল কি না এবং কেন হেলেনকে লক্ষ্য করা হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশ মাদক বা ওষুধের প্রভাবের সম্ভাবনাও পরীক্ষা করছে। পাশাপাশি হেলেনের সঙ্গে অভিযুক্তের কোনো ব্যক্তিগত সম্পর্ক ছিল কি না, সেটিও তদন্তের বিষয়।

কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার আগে নুজেন্টকে হেলেনের জন্য সম্ভাব্য হুমকি হিসেবে চিহ্নিত করা হয়নি। তাঁর বিরুদ্ধে সংসদ সদস্যকে হুমকি দেওয়ার পূর্বতথ্যও পুলিশের কাছে ছিল না।

হেলেন হেইনস ২০১৯ সালে প্রথমবারের মতো ভিক্টোরিয়ার ইন্ডি আসন থেকে স্বতন্ত্র সংসদ সদস্য নির্বাচিত হন। তাঁর ওপর হামলার ঘটনায় অস্ট্রেলিয়ার রাজনৈতিক অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে।

দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ জানিয়েছেন, ঘটনার পর তিনি হেলেনের স্বামীর সঙ্গে একাধিকবার কথা বলেছেন। নারী রাজনীতিকদের বিরুদ্ধে হুমকি ও বিদ্বেষপূর্ণ আচরণ নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।

অস্ট্রেলিয়ার গভর্নর জেনারেল স্যাম মোস্টিন এ ঘটনা থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানিয়েছেন। সমাজে শালীনতা, সহমর্মিতা ও মানবিক আচরণের ওপর গুরুত্ব দেন তিনি।

হেলেন হেইনসের ওপর হামলার পর দেশটির সংসদ সদস্যদের ব্যক্তিগত নিরাপত্তা, বিশেষ করে নির্বাচনী কার্যালয়ে দায়িত্ব পালনের সময় সুরক্ষা ব্যবস্থা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

তবে হামলার প্রকৃত উদ্দেশ্য এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ। অভিযুক্তের বিরুদ্ধে আনা অভিযোগগুলোরও আদালতে চূড়ান্ত নিষ্পত্তি হয়নি।

সূত্র: রয়টার্স

ট্যাগ : অস্ট্রেলিয়া হেলেন হেইনস

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

বুধবার, ২১ অক্টোবর ২০২৬

অস্ট্রেলিয়ায় গাড়িচাপায় দুই পা হারালেন নারী সংসদ সদস্য হেলেন হেইনস

প্রকাশের তারিখ : ২১ অক্টোবর ২০২৬

featured Image

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ