পুরোহিতের মন্ত্রোচ্চারণ, ঘণ্টার ধ্বনি, ঢাকের তাল আর ফুল-ধূপের অর্ঘ্যে বিদায় জানানো হলো দেবী দুর্গাকে। আনন্দ ও বিষাদের মেলবন্ধনে উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গোৎসবের শেষ দিন বিজয়া দশমী।
বুধবার সকালে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে শেষ অর্ঘ্য নিবেদনের পর দর্পণ বিসর্জন ও ঘট বিসর্জনের মধ্য দিয়ে শাস্ত্রীয় পূজার আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে। এরপরই শুরু হয় ঐতিহ্যবাহী দেবী বরণ ও সিঁদুর খেলা। দেবীর কপাল ও চরণে সিঁদুর ছুঁইয়ে প্রণাম জানানোর পর ভক্তরা মেতে ওঠেন সিঁদুর বিনিময়ে। লাল সিঁদুরে রাঙা মুখ আর চোখের কোণে জমে থাকা বিদায় অশ্রুতে মন্দিরজুড়ে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। ভক্তদের প্রার্থনায় প্রধান হয়ে উঠেছে পরিবার-পরিজনের সুস্থতা এবং দেশের সার্বিক শান্তি ও সমৃদ্ধি।
মহানগর সার্বজনীন পূজা কমিটির তথ্য অনুযায়ী, বেলা তিনটায় ঢাকেশ্বরী মন্দির প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য বিজয়া শোভাযাত্রা বের করা হবে। রাজধানীর বিভিন্ন মণ্ডপ থেকে প্রতিমা এনে শোভাযাত্রার মাধ্যমে ওয়াইজঘাটসহ নির্ধারিত ১১টি ঘাটে বিসর্জন দেওয়া হবে। এ বছর রাজধানীতে মোট ২৫৮টি মণ্ডপে দুর্গোৎসবের আয়োজন করা হয়েছে। ছয় দিনের উৎসব শেষে ‘আসছে বছর আবার হবে’—এই চিরন্তন প্রত্যাশাতেই বিদায় নিচ্ছেন দুর্গতিনাশিনী দেবী।
মন্তব্যসমূহ