জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় পাঁচ বছর বয়সী এক কন্যাশিশুকে যৌন নিপীড়ন ও ধর্ষণচেষ্টার অভিযোগে মো. আজিজুল ইসলাম (৩২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল আনুমানিক ৯টার দিকে উপজেলার আয়মারসুলপুর ইউনিয়নের মালিদহ গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত আজিজুল ইসলাম ওই গ্রামের মো. ছলিম উদ্দীনের ছেলে।
মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে বাড়ির সামনে অভিযুক্ত আজিজুল ইসলামের সাত বছর বয়সী মেয়ের সঙ্গে খেলাধুলা করছিল প্রতিবেশী ভুক্তভোগী শিশুটি। একপর্যায়ে আজিজুল নিজের মেয়েকে কৌশলে কোনো একটি জিনিস কিনে আনার অজুহাতে স্থানীয় দোকানে পাঠিয়ে দেন। এরপর সুযোগ বুঝে পাঁচ বছরের শিশুটিকে জোরপূর্বক নিজের শোবার ঘরে নিয়ে যৌন নিপীড়ন ও ধর্ষণের চেষ্টা করেন। এ সময় শিশুটি আতঙ্কিত হয়ে চিৎকার শুরু করে এবং কোনোমতে আজিজুলের হাত থেকে ছুটে নিজ বাড়িতে পালিয়ে যায়।
বাড়িতে ফিরে শিশুটি তার মাকে ঘটনার বিস্তারিত জানায়। বিষয়টি জানার পর শিশুটির মা ও আশপাশের স্থানীয় লোকজন আজিজুলের বাড়িতে গিয়ে কারণ জানতে চান। সে সময় পরিস্থিতি বেগতিক দেখে আজিজুল বাড়ি থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে ঘটনার দিন পাঁচবিবি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি লিখিত এজাহার দায়ের করেন। অভিযোগ পাওয়ার পরপরই অভিযান চালিয়ে পুলিশ অভিযুক্ত আজিজুলকে গ্রেপ্তার করে।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তামবিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভুক্তভোগী শিশুর মায়ের লিখিত এজাহারের ভিত্তিতে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।
মন্তব্যসমূহ