আইএইচএফ নেশনস ট্রফি হ্যান্ডবলে মালদ্বীপকে ৩৩-২০ গোলে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে স্বাগতিক বাংলাদেশ নারী দল। মঙ্গলবার পল্টনের শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৮ গোল করেন মোসাম্মত সানজিদা আক্তার। দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে ম্যাচসেরাও নির্বাচিত হয়েছেন তিনি।
ম্যাচের শুরুতে ভালো লড়াই করেছিল মালদ্বীপ। তবে প্রথমার্ধে সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি দলটি। বিরতির সময় ১৬-৫ গোলে এগিয়ে ছিল বাংলাদেশ, যা ম্যাচে স্বাগতিকদের শক্ত অবস্থান তৈরি করে দেয়।
দ্বিতীয়ার্ধে মালদ্বীপের খেলায় উন্নতি দেখা যায়। এই পর্বে বাংলাদেশের ১৭ গোলের বিপরীতে ১৫ গোল করে অতিথি দলটি। তবে প্রথমার্ধে তৈরি হওয়া বড় ব্যবধান আর পেরিয়ে যেতে পারেনি তারা। শেষ পর্যন্ত ১৩ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
এই জয়ের মধ্য দিয়ে টুর্নামেন্টের শিরোপা জয়ের লড়াইয়ে জায়গা নিশ্চিত করেছে বাংলাদেশের মেয়েরা। আগামী বৃহস্পতিবার বিকেল ৩টায় ফাইনালে ভারতের মুখোমুখি হবে স্বাগতিক দল।
অন্যদিকে, ব্রোঞ্জ পদকের লড়াই অনুষ্ঠিত হবে বুধবার। দুপুর ২টায় তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মালদ্বীপ খেলবে নেপালের বিপক্ষে।
মন্তব্যসমূহ