আসন্ন মধ্যবর্তী নির্বাচনে বিরোধী ডেমোক্র্যাটরা বিজয়ী হলে যুক্তরাষ্ট্রজুড়েও ইউরোপের দেশ ফ্রান্সের মতো ভয়াবহ দাঙ্গা, লুটপাট ও সহিংসতা ছড়িয়ে পড়বে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রিপাবলিকানদের ঐতিহ্যবাহী শক্ত ঘাঁটি কানসাস অঙ্গরাজ্যে সিনেটর রজার মার্শালের নির্বাচনী প্রচারে অংশ নিয়ে স্থানীয় সময় সোমবার (১৯ অক্টোবর) তিনি এ মন্তব্য করেন। একই সঙ্গে নির্বাচনী সমাবেশে তিনি তীব্র অভিবাসন ও মুসলিমবিরোধী বক্তব্যও তুলে ধরেন বলে জানিয়েছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স।
ইরান যুদ্ধ এবং নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নিয়ে সাধারণ ভোটারদের অসন্তোষের মুখে প্রতিনিধি পরিষদ ও সিনেটে রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখার অংশ হিসেবে এ প্রচার সমাবেশ অনুষ্ঠিত হয়। রক্ষণশীল কানসাসে গত ৯৪ বছরে কোনো ডেমোক্র্যাট সিনেটর নির্বাচিত হননি এবং ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনেও ট্রাম্প সেখানে ১৬ শতাংশ পয়েন্টের বড় ব্যবধানে জয়লাভ করেছিলেন। তবে এবারের মধ্যবর্তী নির্বাচনে প্রথম মেয়াদের সিনেটর রজার মার্শাল ডেমোক্র্যাট প্রার্থী ও মেথডিস্ট মেগাচার্চের যাজক অ্যাডাম হ্যামিলটনের তীব্র প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়ায় ট্রাম্পকে সরাসরি মাঠে নামতে হয়েছে।
বক্তব্যে ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ছড়িয়ে পড়া সাম্প্রতিক সংঘাত ও লুটপাটের প্রসঙ্গ টেনে ট্রাম্প সতর্ক করেন, রিপাবলিকানরা জয়ী না হলে আমেরিকাতেও এমন অরাজকতা দেখা দেবে। ফ্রান্সে দ্রুত মুসলিম আধিপত্য বিস্তার নিয়ে বিতর্কিত মন্তব্য করে তিনি বলেন, “আমরা দেশকে এই পরিণতির দিকে ঠেলে দিতে পারি না। ফ্রান্সে যখন গির্জার চূড়ায় আগুন জ্বলতে দেখবেন, তখন মনে রাখবেন উগ্র ডেমোক্র্যাটরা আমেরিকার জন্যও একই পরিস্থিতি চায়।” ব্যঙ্গ করে তিনি ডেমোক্র্যাটদের ‘ডুমোক্র্যাটস’ (ধ্বংসকারী) বলেও আখ্যায়িত করেন।
এদিকে সমাবেশে সিনেটর মার্শালও ‘উগ্র ইসলাম’ ঠেকানো ও রক্ষণশীল সাংস্কৃতিক মূল্যবোধকে সামনে এনে প্রতিদ্বন্দ্বী হ্যামিলটনকে ‘অতিরিক্ত উদারপন্থি’ হিসেবে সমালোচনা করেন। আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে কানসাসের মতো রিপাবলিকান ঘাঁটিতে এই টানটান লড়াই কংগ্রেসের উভয় কক্ষে রিপাবলিকানদের আধিপত্য বজায় রাখার ক্ষেত্রে বড় ধরনের রাজনৈতিক চ্যালেঞ্জের ইঙ্গিত দিচ্ছে।
সূত্র: রয়টার্স
মন্তব্যসমূহ