রাশিয়ার ওপর নতুন করে প্রস্তাবিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা স্থগিত ও শিথিলের সিদ্ধান্তের পক্ষে সাফাই গেয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
রোববার (১৮ অক্টোবর) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক দীর্ঘ বার্তায় ট্রাম্প এসব মন্তব্য করেন। রাশিয়ার ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার মাত্র কয়েক দিন আগে একটি নির্বাহী আদেশের মাধ্যমে তা স্থগিত করার সিদ্ধান্তে নিজ দেশে ও মিত্রদের কাছে সমালোচনার মুখে পড়েন ট্রাম্প।
ট্রাম্পের এই নীতিগত সিদ্ধান্তের ফলে গত এক সপ্তাহে ওয়াশিংটন ও কিয়েভের মধ্যকার কূটনৈতিক সম্পর্কের চরম অবনতি ঘটেছে। রোববার মার্কিন সংবাদমাধ্যম এনবিসির ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে অংশ নিয়ে ক্ষোভ উগরে দেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
অন্যদিকে ট্রাম্প সরাসরি জেলেনস্কিকে কাঠগড়ায় তুলে দাবি করেন, ইউক্রেনের প্রেসিডেন্ট নিজেই সংঘাতের ইতি টানতে চান না। রাশিয়ার অভ্যন্তরীণ জ্বালানি ও ডিজেল শোধনাগারগুলোতে সাম্প্রতিক ইউক্রেনীয় ড্রোন হামলার কঠোর সমালোচনা করে ট্রাম্প মন্তব্য করেন, কিয়েভের এসব হঠকারী হামলার কারণে বিশ্ববাজারে ডিজেল ও তেলের সরবরাহ এবং মূল্যের ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব পড়ছে। ইউরোপীয় দেশগুলোর কাছ থেকে বিপুল সামরিক ও আর্থিক সহায়তা পেয়েও জেলেনস্কি আন্তরিকভাবে কখনোই যুদ্ধ শেষ করতে চাননি বলেও মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট। ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসন শুরুর পর থেকে যুদ্ধ বন্ধে নানামুখী বৈশ্বিক তৎপরতা চালানো হলেও ট্রাম্প ও জেলেনস্কির এই প্রকাশ্য দ্বন্দ্বে যুদ্ধবিরতির সম্ভাবনা নতুন করে অনিশ্চয়তার মুখে পড়ল।
সূত্র: আল জাজিরা
মন্তব্যসমূহ