মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগের খবর ও পরবর্তীতে সেই খবরের সত্যতা নিয়ে রাতভর চলা বিভ্রান্তির প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপির অনলাইন কর্মীদের লক্ষ্য করে তীব্র ব্যঙ্গাত্মক মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। রোববার (১৮ অক্টোবর) রাতে নিজের ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এই রাজনৈতিক কটাক্ষ করেন।
পোস্টে হাসনাত আবদুল্লাহ মন্তব্য করেন, ইশরাক হোসেনের নাটকীয় পদত্যাগ ইস্যু সামলাতে গিয়ে বিএনপির অ্যাক্টিভিস্টরা বড় ধরনের বিপাকে পড়েছেন। তিনি লেখেন, “বিএনপি অ্যাক্টিভিস্টরা পড়েছেন বিপদে। গতকাল প্রতিমন্ত্রী ইশরাকের কাজকে বাহবা দিয়ে লিখতে হলো, আবার আজকে প্রধানমন্ত্রীর সিদ্ধান্তকে বাহবা দিয়ে লিখতে হলো। লিখতে না লিখতেই জানা গেল পদত্যাগের সিদ্ধান্ত ভুয়া।” একই সঙ্গে বিষয়টি নিয়ে শ্লেষ প্রকাশ করে তিনি যোগ করেন, “এখন আবার লিখতে হবে প্রধানমন্ত্রী পদত্যাগ করতে না বলা কেন ভালো হয়েছে সেটি।”
ইশরাক হোসেনের দলের অভ্যন্তরীণ সমীকরণ ও সমমনাদের অবস্থান নিয়েও মন্তব্য করেন এই সংসদ সদস্য। তিনি উল্লেখ করেন, এই নাটকীয় পরিস্থিতির সুযোগে ইশরাক নিজের দলের ভেতরেই ওত পেতে থাকা সেই ঘনিষ্ঠ সহকর্মীদের চিনে নেওয়ার সুযোগ পেয়েছেন, যারা তাঁর পদত্যাগের গুঞ্জনে প্রকাশ্য উল্লাস প্রকাশ করেছেন।
পোস্টের শেষাংশে ইশরাক হোসেনকে উদ্দেশ্য করে একটি রাজনৈতিক ইঙ্গিত দেন হাসনাত আবদুল্লাহ। তিনি প্রতিমন্ত্রী ইশরাককে পাল্টা পদক্ষেপ হিসেবে পূর্ণমন্ত্রী পার্থের পদত্যাগ দাবি করার পরামর্শ দেন। একই সাথে ইশরাকের পদত্যাগের বিভ্রান্তিকর খবর গণমাধ্যমে ছড়ানোর পেছনে মন্ত্রী পার্থের কোনো পরোক্ষ বা প্রত্যক্ষ ভূমিকা ছিল কি না, তা খতিয়ে দেখতে আহ্বান জানান তিনি।
মন্তব্যসমূহ