চুয়াডাঙ্গা শহরতলীর নূরনগর মুন্নামোড় এলাকায় গরুবাহী একটি পাওয়ার ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গভীর খাদে পড়ে একজন গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রলিতে থাকা চালকসহ আরও দুজন আহত হয়েছেন। এ ছাড়া দুর্ঘটনায় গাড়িতে থাকা দুটি গরুরও মৃত্যু হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) ভোররাত ৪টার দিকে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যবসায়ীর নাম হেলাল উদ্দিন (৩৮)। তিনি পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানার সবুজনগর গ্রামের নয়াল মিয়ার ছেলে। দুর্ঘটনায় আহতরা হলেন ট্রলির চালক তারাচাঁদ ও সহযোগী শিপন।
স্থানীয় সূত্রে জানা যায়, পেশায় গরু ব্যবসায়ী হেলাল উদ্দিন গতকাল রোববার বিকেলে পিরোজপুরের মঠবাড়িয়া এলাকা থেকে বিক্রির উদ্দেশ্যে ১১টি গরু কেনেন। এরপর একটি পাওয়ার ট্রলিতে গরুগুলো নিয়ে তিনি চুয়াডাঙ্গার আলমডাঙ্গার উদ্দেশে রওনা হন। পথিমধ্যে সোমবার ভোররাত ৪টার দিকে চুয়াডাঙ্গা শহরতলীর নূরনগর মুন্নামোড় এলাকায় পৌঁছালে ট্রলিটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে আছড়ে পড়ে। এতে ঘটনাস্থলেই ট্রলির নিচে চাপা পড়ে প্রাণ হারান হেলাল উদ্দিন। দুর্ঘটনার বিকট শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে হতাহতদের উদ্ধার করেন।
আহত চালক তারাচাঁদ জানান, টানা গাড়ি চালানোর পর ভোরের দিকে হঠাৎ তাঁর চোখে ঘুম চলে আসে। এতে মুহূর্তেই নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি সড়কের পাশের ডোবায় পড়ে উল্টে যায়।
দুর্ঘটনার খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানা-পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। চুয়াডাঙ্গা সদর থানার উপপরিদর্শক (এসআই) মিজান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য মরদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
মন্তব্যসমূহ