কানাডার পশ্চিমাঞ্চলীয় আলবার্টা প্রদেশের একটি সামরিক প্রশিক্ষণ ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত চারজন সেনা সদস্য নিহত এবং ৩৯ জন আহত হয়েছেন। স্থানীয় সময় রোববার (১৮ অক্টোবর) জাতির উদ্দেশে দেওয়া ভাষণে দেশটির প্রধানমন্ত্রী মার্ক কার্নি এ ঘটনাকে কানাডার মাটিতে সামরিক বাহিনীর জন্য শান্তিকালীন ইতিহাসের অন্যতম ভয়াবহতম ট্র্যাজেডি বলে অভিহিত করেছেন।
এর আগে শনিবার বিকেলে কানাডিয়ান সামরিক বাহিনীর অন্যতম ব্যস্ত ও গুরুত্বপূর্ণ সরাসরি গোলাবারুদ ব্যবহারের প্রশিক্ষণ কেন্দ্র ‘কানাডিয়ান ফোর্সেস বেস ওয়েনরাইট’-এ মহড়া চলাকালে এ অগ্নিকাণ্ডের সূচনা ঘটে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে এসেছে।
এক শোকবার্তায় প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেন, "আমাদের সশস্ত্র বাহিনীর যে সাহসী সদস্যদের আমরা হারিয়েছি, তাদের জন্য পুরো জাতি গভীরভাবে শোকাহত।" নিহতদের পরিচয় নিশ্চিত করা হয়েছে;
রোববার এক সংবাদ সম্মেলনে আলবার্টার প্রিমিয়ার ড্যানিয়েল স্মিথ জানান, হাসপাতালে চিকিৎসাধীন ৩৯ জন আহতের মধ্যে অন্তত ১৯ জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক এবং তাদের অনেকের শরীরেই গুরুতর দগ্ধ ক্ষত রয়েছে। আক্রান্তদের নিবিড় চিকিৎসার জন্য এডমন্টন, ক্যালগারি ও রেড ডিয়ারের বিশেষায়িত হাসপাতালগুলোতে স্থানান্তর করা হয়েছে।
ফার্স্ট কানাডিয়ান ডিভিশনের কমান্ডার মেজর জেনারেল ওয়েড রাটল্যান্ড জানিয়েছেন, ঘটনার সময় পদাতিক বাহিনীর সদস্যরা একটি গ্রেনেড রেঞ্জ ও অ্যাটাক রেঞ্জে সরাসরি গোলাবারুদ ব্যবহার করে উচ্চ-তীব্রতার যুদ্ধ মহড়া চালাচ্ছিলেন।
ওয়েনরাইট পৌরসভার মেয়র ব্রুস পিউ জানান, ঘাঁটিতে মহড়ার সময় নিয়মিত কামানের গোলা ছোড়ার আওয়াজ শোনা গেলেও শনিবার তা হঠাৎ বন্ধ হয়ে যাওয়ার পরই জরুরি বিভাগের সাইরেন বেজে ওঠে। আহতদের উদ্ধারে ২২টি অ্যাম্বুলেন্স, ছয়টি ফিক্সড-উইং বিমান এবং দুটি হেলিকপ্টারসহ জরুরি পরিষেবার ৩০টি ইউনিট মোতায়েন করে আলবার্টা স্বাস্থ্য বিভাগ।
সূত্র: বিবিসি
মন্তব্যসমূহ