স্তন ক্যান্সার সম্পর্কে সচেতনতা বাড়াতে ইংল্যান্ডের বিপক্ষে বিশেষ গোলাপি জার্সি পরে মাঠে নামবে পাকিস্তান ক্রিকেট দল। আগামী ২৫ অক্টোবর লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠেয় ত্রিদেশীয় সিরিজের চতুর্থ ওয়ানডেতে এই উদ্যোগ বাস্তবায়ন করবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
পাকিস্তান, ইংল্যান্ড ও শ্রীলঙ্কাকে নিয়ে আয়োজিত ত্রিদেশীয় সিরিজের ম্যাচটিকে কেন্দ্র করে স্তন ক্যান্সার সচেতনতামূলক বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, পিসিবির করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের অংশ হিসেবে এ আয়োজন করা হচ্ছে।
বিশ্বব্যাপী অক্টোবর মাসে পালিত স্তন ক্যান্সার সচেতনতা কর্মসূচি ‘পিংকটোবার’-এর সঙ্গে মিল রেখে গাদ্দাফি স্টেডিয়ামকে গোলাপি রঙে সাজানো হবে।
শুধু পাকিস্তান দলের খেলোয়াড়দের মধ্যেই উদ্যোগটি সীমাবদ্ধ থাকবে না। ইংল্যান্ডের ক্রিকেটার, ম্যাচ পরিচালনাকারী কর্মকর্তা ও ধারাভাষ্যকারদেরও সচেতনতামূলক কর্মসূচিতে অংশ নেওয়ার আমন্ত্রণ জানানো হবে।
স্তন ক্যান্সারে আক্রান্ত ব্যক্তি এবং এই রোগ থেকে সুস্থ হয়ে ওঠা ব্যক্তিদের প্রতি সংহতি জানাতে তাদের গোলাপি রিবন পরার আহ্বান জানানো হবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
পাশাপাশি স্টেডিয়ামজুড়ে স্তন ক্যান্সার সম্পর্কে সচেতনতামূলক প্রচারণা চালানো হবে।
এই উদ্যোগের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে নারী দর্শকদের জন্য বিনামূল্যে স্তন পরীক্ষার ব্যবস্থা।
আগামী ২৪ থেকে ২৬ অক্টোবর পর্যন্ত নারী দর্শকেরা বিনামূল্যে এই স্বাস্থ্য পরীক্ষার সুযোগ পাবেন।
পিসিবির এই কর্মসূচির প্রধান উদ্দেশ্য হলো স্তন ক্যান্সার দ্রুত শনাক্ত করার প্রয়োজনীয়তা এবং যথাসময়ে চিকিৎসা গ্রহণের গুরুত্ব সম্পর্কে মানুষকে সচেতন করা।
গোলাপি জার্সি, স্টেডিয়ামের বিশেষ সাজসজ্জা এবং স্বাস্থ্য পরীক্ষার আয়োজনের মাধ্যমে ক্রিকেট দর্শকদের কাছে স্তন ক্যান্সার সচেতনতার বার্তা পৌঁছে দিতে চায় পাকিস্তান ক্রিকেট বোর্ড।
সূত্র: এনডিটিভি।
মন্তব্যসমূহ