বাংলাদেশে আগামী ৪ থেকে ১৭ নভেম্বর অনুষ্ঠিতব্য সাফ চ্যাম্পিয়নশিপে ভারতের অংশগ্রহণের চেয়ে এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, কোন দল নিয়ে খেলতে আসবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। একই সময়ে নিউজিল্যান্ড সফরে দুটি প্রীতি ম্যাচ থাকায় মূল দল পাঠানো নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিকল্প হিসেবে অনূর্ধ্ব-২৩ দল পাঠানোর চিন্তা থাকলেও ক্লাবগুলোর অসহযোগিতা সেই পরিকল্পনাকেও জটিল করে তুলেছে।
এই সময়ের প্রতিবেদন অনুযায়ী, আগামী ৯ থেকে ১৭ নভেম্বর ফিফার আন্তর্জাতিক উইন্ডোতে নিউজিল্যান্ড সফর করার কথা ভারতের। সেখানে ১২ ও ১৫ নভেম্বর স্বাগতিকদের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে দলটি। অন্যদিকে, একই সময়সীমার মধ্যে বাংলাদেশে চলবে দক্ষিণ এশিয়ার ফুটবল শ্রেষ্ঠত্বের লড়াই।
আন্তর্জাতিক সূচির এই সংঘাতের কারণে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের (এআইএফএফ) সামনে দল নির্বাচন নিয়ে কঠিন পরিস্থিতি তৈরি হয়েছে। ফিফার আন্তর্জাতিক উইন্ডোর বাইরে ক্লাবগুলো জাতীয় দলের জন্য খেলোয়াড় ছাড়তে বাধ্য নয়। ফলে ইন্ডিয়ান সুপার লিগের (আইএসএল) ক্লাবগুলোর অনীহার কারণে ভারতের সেরা ফুটবলারদের নিয়ে সাফে অংশগ্রহণ কঠিন হয়ে পড়েছে।
অনূর্ধ্ব-২৩ দল পাঠানোর পরিকল্পনাতেও বাধা
মূল দল পাঠানো সম্ভব না হলে অনূর্ধ্ব-২৩ দলকে সাফে খেলানোর বিষয়টি বিবেচনা করছে এআইএফএফ। তবে এ ক্ষেত্রেও ক্লাবগুলোর সহযোগিতা নিয়ে উদ্বেগ রয়েছে।
সম্প্রতি যুক্তরাজ্যে ইউনিটি কাপের ক্যাম্প থেকে মোহনবাগান নিজেদের খেলোয়াড়দের ফিরিয়ে নেওয়ায় দুর্বল দল নিয়ে বড় বিপর্যয়ের মুখে পড়েছিল ভারত। এ ঘটনা সাফের জন্য তরুণ দল গঠনের পরিকল্পনায়ও অনিশ্চয়তা বাড়াচ্ছে।
তবে বয়সভিত্তিক দল নিয়ে সাফে ভালো করার অতীত অভিজ্ঞতা রয়েছে ভারতের। ২০০৯ সালে ঢাকায় বয়সভিত্তিক দল পাঠিয়েই শিরোপা জিতেছিল তারা। সেই স্মৃতি এবারও বিকল্প দল পাঠানোর ক্ষেত্রে ভারতের জন্য আশার জায়গা হতে পারে।
ভারতের সরে দাঁড়ানোর গুঞ্জন নাকচ সাফের
এদিকে, ভারত সাফ চ্যাম্পিয়নশিপ থেকে সরে দাঁড়াতে পারে—এমন গুঞ্জনকে ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছে সাফ কর্তৃপক্ষ। সংস্থাটির দাবি, এআইএফএফের পক্ষ থেকে টুর্নামেন্টে অংশ না নেওয়ার বিষয়ে কোনো বার্তা দেওয়া হয়নি।
ছয়টি দলকে নিয়েই নির্ধারিত সময়ে প্রতিযোগিতা আয়োজনের প্রস্তুতি চলছে বলেও জানিয়েছে সাফ কর্তৃপক্ষ।
তবে অংশগ্রহণ নিয়ে আশ্বাস পাওয়া গেলেও ভারতের দল গঠনসংক্রান্ত অনিশ্চয়তা কাটেনি। টুর্নামেন্ট শুরুর তিন সপ্তাহেরও কম সময় বাকি থাকলেও এখনো চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেনি এআইএফএফ।
নিউজিল্যান্ড সফরের সূচি এবং আইএসএল ক্লাবগুলোর অবস্থানের মধ্যে সমন্বয় করে ভারত শেষ পর্যন্ত মূল দল পাঠাবে, নাকি অনূর্ধ্ব-২৩ দল নিয়ে বাংলাদেশে আসবে, তা এখনো স্পষ্ট নয়।
মন্তব্যসমূহ