দীর্ঘ ফ্যাসিবাদী শাসনের অবসানের পর দেশের সাধারণ মানুষ একটি কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থার স্বপ্ন দেখলেও বর্তমান নতুন সরকার আবারও সেই পুরোনো ফ্যাসিবাদের পথেই হাঁটছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম (চরমোনাই পীর)।
শুক্রবার (৯ অক্টোবর) সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
বক্তব্যে মুফতি রেজাউল করিম বলেন, ঐতিহাসিক ৫ আগস্ট-পরবর্তী সময়ে দায়িত্বশীলরা জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা ও আকাঙ্ক্ষার বিপরীতে অবস্থান নিয়েছেন। জনগণের ভোটাধিকার ও সুশাসন নিশ্চিতের যে অঙ্গীকার ছিল, তা থেকে সরে গিয়ে আবারও কর্তৃত্ববাদী মানসিকতার বহিঃপ্রকাশ ঘটছে।
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, এই নির্বাচনে সরকারের স্বৈরাচারী ও ভুল নীতির বিরুদ্ধে ব্যালটের মাধ্যমে মোক্ষম জবাব দিতে হবে। তিনি দলীয় নেতাকর্মীদের ভেদাভেদ ভুলে তৃণমূল পর্যায়ে ঐক্যবদ্ধ হয়ে সাংগঠনিক তৎপরতা জোরদার করার কড়া নির্দেশ দেন। একই সঙ্গে স্থানীয় নির্বাচনে সব ধরনের চাঁদাবাজ, দখলদার ও দুর্নীতিবাজ প্রার্থীদের বর্জন করে সৎ ও যোগ্য ব্যক্তিদের পক্ষে রায় দেওয়ার জন্য সাধারণ ভোটারদের প্রতি আহ্বান জানান তিনি।
শ্রমিকদের অধিকার ও নিরাপত্তা প্রসঙ্গে চরমোনাই পীর উল্লেখ করেন, মালিক ও শ্রমিকের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও সুসম্পর্কের প্রকৃত ভারসাম্যপূর্ণ আদর্শ একমাত্র ইসলামই উপহার দিয়েছে। প্রচলিত পুঁজিবাদী বা অন্যান্য ব্যবস্থায় শ্রমিকের ঘামের সঠিক মূল্যায়ন কখনোই নিশ্চিত হয়নি। তাই পূর্ণাঙ্গ ইসলামী শাসনব্যবস্থা কায়েম ছাড়া মেহনতি শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা কোনোভাবেই সম্ভব নয় বলে তিনি মন্তব্য করেন।
মন্তব্যসমূহ