ইতালির ভেনিসে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। একই সঙ্গে হামলাকারীদের বিচারের দাবি জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আজ ওখানে আমার সন্তানও থাকতে পারত। এভাবে শান্তিতে থাকা যায় না। এগুলো বন্ধ করতে হবে। আমরা সবাই বিচার চাই। রাষ্ট্রের কাছে বিচার চাই।’
তিনি বলেন, জুলাইয়ের আন্দোলনের সময় আজমেরী হক বাঁধন ছাত্র-জনতার পাশে দাঁড়িয়েছিলেন এবং অন্যায়ের বিরুদ্ধে রাজপথে সক্রিয় ছিলেন।
নাসীরুদ্দীন পাটওয়ারীর ভাষ্য, ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে গিয়ে পরিবারসহ হামলার শিকার হয়েছেন বাঁধন। হামলার সময় তাকে জোর করে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলানোর চেষ্টা করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, রাজনৈতিক স্লোগান ভয়, হুমকি বা শক্তি প্রয়োগ করে কাউকে দিয়ে বলানো হলে সেটি রাজনৈতিক আদর্শ নয়, বরং জবরদস্তি ও অসহিষ্ণুতার প্রকাশ।
এর আগে সোমবার (৭ সেপ্টেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া ভিডিওবার্তায় বাঁধন অভিযোগ করেন, ভেনিসের একটি পার্কে ভাই ও পরিবারের সদস্যদের সঙ্গে অবস্থানের সময় একদল বাঙালি তাকে শারীরিকভাবে হেনস্তা করে। তার গায়ে পানি ও কোমল পানীয় ছোড়া হয় এবং তার ফোন ফেলে দেওয়া হয় বলে জানান তিনি।
বাঁধনের দাবি, হামলাকারীরা তাকে ‘জুলাই যোদ্ধা’ বলে আখ্যা দিয়ে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে বাধ্য করার চেষ্টা করেন। ঘটনার সময় তার ভাইয়ের ছোট শিশুও সঙ্গে ছিল বলে জানান তিনি।
ঘটনার পর বাঁধন স্থানীয় পুলিশের কাছে অভিযোগ করেছেন বলে একাধিক প্রতিবেদনে জানানো হয়েছে।
নাসীরুদ্দীন পাটওয়ারী তার পোস্টে বাঁধন ও তার পরিবারের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়ে ঘটনার বিচার দাবি করেন।