লা লিগা ছেড়েছেন লিওনেল মেসি ২০২১ সালে। তবে স্প্যানিশ লিগে তার রেখে যাওয়া অসংখ্য রেকর্ড এখনো তাকে আলোচনায় রাখে। এবার তার এমনই একটি কীর্তিতে ভাগ বসালেন বার্সেলোনার ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়া।
একবিংশ শতাব্দীতে লা লিগার প্রথম চার ম্যাচে ছয় গোল করার কীর্তি এতদিন একমাত্র মেসির দখলে ছিল। আর্জেন্টাইন তারকা এই রেকর্ড করেছিলেন দুইবার, ২০১২-১৩ ও ২০১৩-১৪ মৌসুমে টানা দুইবার।
এবার সেই তালিকায় যোগ দিলেন রাফিনিয়া। ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচে গোল করে মেসির পাশে নিজের নাম লিখিয়েছেন তিনি।
চলতি মৌসুমে নিজের ষষ্ঠ গোল পাওয়া এই ম্যাচে রাফিনিয়ার গোলটি ছিল লা লিগায় তার ৫০তম গোল। সতীর্থ ফেরমিন লোপেজের পাস থেকে গোলটি করেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড।
রাফিনিয়ার এই মাইলফলকের ম্যাচে দারুণ জয় পেয়েছে বার্সেলোনা। ঘরের মাঠে ভ্যালেন্সিয়াকে ৫-০ গোলে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।
বার্সেলোনার হয়ে রাফিনিয়ার পাশাপাশি গোল করেন ফেরমিন লোপেজ ও পেদ্রি। এছাড়া দুটি গোল করেন তরুণ তারকা লামিনে ইয়ামাল। বড় জয়ে লিগে নিজেদের শক্ত অবস্থান আরও দৃঢ় করেছে কাতালান ক্লাবটি।