ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে তার পদ থেকে সরানোর দাবি জানিয়েছেন দেশটির বিরোধী দলীয় এমপি গিলাদ কারিভ। তিনি বলেছেন, ইসরাইলি সমাজের অস্তিত্ব রক্ষার জন্যই নেতানিয়াহুকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরানো জরুরি।
শনিবার (৫ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন তিনি।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলাকে কেন্দ্র করে ইসরাইলি সেনাবাহিনীর তদন্ত নিয়ে নেতানিয়াহুর অবস্থানের সমালোচনা করে কারিভ এ মন্তব্য করেন।
কারিভ অভিযোগ করেন, হামলার পর কয়েক মাস ধরে গাজার আশপাশের কিবুতজ এলাকায় যাওয়ার বিষয়টি এড়িয়ে গেছেন নেতানিয়াহু। একইভাবে ওই দিনের নিরাপত্তা ব্যর্থতা নিয়ে সেনাবাহিনীর তদন্তের বিষয়েও তিনি অবস্থান পরিষ্কার করেননি।
তিনি আরও অভিযোগ করেন, নেতানিয়াহু বারবার ইসরাইলের নিরাপত্তাকে অবহেলা করেছেন এবং জাতীয় নিরাপত্তা পরিচালনায় সম্পূর্ণ অযোগ্যতার পরিচয় দিয়েছেন।
কারিভ বলেন, এমন একজন ব্যক্তিকে ইসরাইলের ভবিষ্যৎ ও সন্তানদের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দেওয়া উচিত নয়। তার মতে, নেতানিয়াহুকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরানো এখন ইসরাইলি সমাজের জন্য অত্যন্ত জরুরি।
এদিকে, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার আগে ও পরের নিরাপত্তা ব্যর্থতা তদন্তে রাষ্ট্রীয় তদন্ত কমিশন গঠনের দাবি দীর্ঘদিন ধরে জানিয়ে আসছে বিরোধী দলগুলো। ইসরাইলের সাধারণ মানুষের একটি অংশও এই দাবির সঙ্গে একমত।
তবে নেতানিয়াহু সরকার রাষ্ট্রীয় তদন্ত কমিশনের দাবি প্রত্যাখ্যান করেছে। সরকার নিয়োগ করা একটি তদন্ত প্যানেলের মাধ্যমে বিষয়টি পর্যালোচনার পক্ষে অবস্থান নিয়েছে তারা।
আগামী ২৭ অক্টোবর ইসরাইলে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জনমত জরিপে নেতানিয়াহুর দল লিকুদ পার্টির জনপ্রিয়তা কমার ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
এর পাশাপাশি দুর্নীতির অভিযোগে নেতানিয়াহুর বিচার চলছে। গাজা যুদ্ধ নিয়ে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতও (আইসিসি) তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।
সূত্র: আনাদোলু