ফুটবল বিশ্বকাপের ফাইনালের উত্তেজনা এবার ছড়িয়ে পড়ছে দেশের প্রেক্ষাগৃহেও। স্টেডিয়াম বা ফ্যান জোনের পাশাপাশি কয়েকটি সিনেমা হলে বড় পর্দায় সরাসরি সম্প্রচার করা হবে আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার শিরোপার লড়াই।
বিশ্বকাপ শুরুর পর থেকেই দর্শকদের আগ্রহের কথা বিবেচনায় নিয়ে দেশের কয়েকটি প্রেক্ষাগৃহে গুরুত্বপূর্ণ ম্যাচগুলো সরাসরি দেখানো হচ্ছে। সেই ধারাবাহিকতায় ফাইনাল ম্যাচ ঘিরেও বিশেষ আয়োজন করেছে কয়েকটি হল কর্তৃপক্ষ।
জানা গেছে, নারায়ণগঞ্জের কাচপুরের চাঁদ মহল সিনেমা হল, কেরানীগঞ্জের লায়ন সিনেমাস, সিলেটের বিজিবি সিনেমা হল, গ্র্যান্ড সিলেট সিনেপ্লেক্স এবং বগুড়ার মধুবন সিনেপ্লেক্সে বড় পর্দায় দেখা যাবে বিশ্বকাপ ফাইনাল।
আয়োজকদের দাবি, ফাইনাল ম্যাচ ঘিরে দর্শকদের আগ্রহ ব্যাপক। অনেক ফুটবলপ্রেমী আগেই টিকিট সংগ্রহ করেছেন। আধুনিক সাউন্ড সিস্টেম, বড় পর্দা এবং একসঙ্গে শত শত দর্শকের সঙ্গে খেলা উপভোগের সুযোগ প্রেক্ষাগৃহগুলোতে তৈরি করছে উৎসবের পরিবেশ।
বাংলাদেশে বড় পর্দায় ক্রীড়া ইভেন্ট দেখানোর আয়োজন অবশ্য নতুন নয়। এর আগে ক্রিকেট বিশ্বকাপ ও ফুটবল বিশ্বকাপের বিভিন্ন গুরুত্বপূর্ণ ম্যাচ সিনেমা হলে সরাসরি সম্প্রচার করা হয়েছে।
প্রেক্ষাগৃহ সংশ্লিষ্টরা মনে করছেন, বিশ্বমানের ক্রীড়া ইভেন্ট বড় পর্দায় প্রদর্শনের মাধ্যমে দর্শকদের নতুন অভিজ্ঞতা দেওয়ার পাশাপাশি সিনেমা হলগুলোতেও নতুন ধরনের দর্শক আকৃষ্ট করা সম্ভব।
এবারের ফাইনালে মুখোমুখি হচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরোপের শক্তিশালী দল স্পেন। লিওনেল মেসি ও তরুণ তারকা লামিনে ইয়ামালের দ্বৈরথ ঘিরে বিশ্বজুড়ে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ।
যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ফাইনাল ঘিরে থাকছে নানা বিনোদন আয়োজনও। আন্তর্জাতিক সংগীত ও বিনোদন জগতের একাধিক তারকার অংশগ্রহণে ম্যাচটি পরিণত হতে যাচ্ছে বড় বৈশ্বিক আয়োজনের এক অংশে।
মন্তব্যসমূহ