ওমানে অনুষ্ঠিত উইমেন্স জুনিয়র এএইচএফ কাপ ২০২৬-এর ফাইনালে কাজাখস্তানকে ২-০ গোলে পরাজিত করে শিরোপা জিতেছে বাংলাদেশ নারী জুনিয়র হকি দল।
পুরো টুর্নামেন্টে অপরাজিত থেকে চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশ দলের এই সাফল্যে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ বিমান বাহিনী প্রধান ও বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান।
রোববার (১৯ জুলাই) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, টুর্নামেন্টজুড়ে বাংলাদেশ দল আত্মবিশ্বাস, শৃঙ্খলা ও দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে প্রতিপক্ষকে মোকাবিলা করেছে।
ফাইনাল ম্যাচে উপস্থিত ছিলেন বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি হাসান মাহমুদ খান। তিনি মাঠে থেকে খেলোয়াড়দের উৎসাহ দেন এবং শিরোপা জয়ের জন্য দলকে অভিনন্দন জানান।
আইএসপিআর জানায়, এই অর্জন দেশের নারী হকির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে নতুন প্রজন্মের খেলোয়াড়দের আন্তর্জাতিক পর্যায়ে ভালো করার অনুপ্রেরণা জোগাবে।
টুর্নামেন্ট চলাকালে ওমানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরাও গ্যালারিতে উপস্থিত থেকে দলকে সমর্থন দেন। তাদের সহযোগিতা ও উৎসাহের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে বাংলাদেশ হকি ফেডারেশন।
ওমান সফরে বিমান বাহিনী প্রধান আন্তর্জাতিক হকি ফেডারেশন, এশিয়ান হকি ফেডারেশন ও হকি ওমানের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। এসব আলোচনায় বাংলাদেশের হকির উন্নয়ন, আন্তর্জাতিক সহযোগিতা ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে কথা হয়।
বাংলাদেশ নারী জুনিয়র হকি দলের এই সাফল্য দেশের ক্রীড়াঙ্গনে নতুন আশার সঞ্চার করেছে।
মন্তব্যসমূহ