প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ড. মাহদী আমিন বলেছেন, সরকার রাষ্ট্র পরিচালনায় স্বচ্ছতা, সুশাসন, জনকল্যাণ এবং মানুষের প্রত্যাশা পূরণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
শুক্রবার প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের ‘করবী’ হলে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, দেশের জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকার মাত্র ১৫০ দিন বা পাঁচ মাস পূর্ণ করল। যদিও এটি দীর্ঘ সময় নয়, তবে গণতান্ত্রিক সরকারের জন্য প্রতিটি দিন জনগণের অঙ্গীকার বাস্তবায়নের পরীক্ষা।
মুখপাত্র আরও বলেন, সরকার গণতান্ত্রিক প্রতিষ্ঠান পুনর্গঠন ও অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে কাজ করছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আর্থিক শৃঙ্খলা, পাচার অর্থ ফেরত আনা এবং দূর্ণীতি মুক্ত প্রকল্প পর্যালোচনার মাধ্যমে দেশের সুশাসন নিশ্চিত করা হয়েছে। বন্যাদুর্গতদের পুনর্বাসন এবং স্বাস্থ্য ও শিক্ষাক্ষেত্রে পুনর্গঠনও চলমান রয়েছে।
তিনি বলেন, পাঁচ মাসে অর্জিত সাফল্যের ভিত্তিতে সরকার অন্তর্ভুক্তিমূলক, বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য জনগণের প্রতি সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। জনগণের আস্থা ও সমর্থনকেই সরকারের সবচেয়ে বড় শক্তি মনে করে সরকার এগিয়ে যাবে।
মাহদী আমিন জুলাই আন্দোলনে শহীদদের স্মরণ করে বলেন, ‘‘দুই বছর আগে ন্যায্য অধিকার আদায়ের শান্তিপূর্ণ আন্দোলনকারীদের ওপর গুলি চালিয়ে ফ্যাসিবাদী শাসকগোষ্ঠী নৃশংসতামূলক নির্যাতন চালায়। রংপুর, চট্টগ্রাম ও ঢাকাসহ বিভিন্ন স্থানে অগণিত নিরপরাধ মানুষ প্রাণ হারান।’’
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনিসহ অন্যান্য দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গত ১৭ ফেব্রুয়ারি জনগণের ভোটে নির্বাচিত এই সরকার দায়িত্ব গ্রহণ করে বর্তমান মেয়াদ শুরু করে।
সূত্র: জাগন্তর
মন্তব্যসমূহ