সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে হেরে ফাইনালে ওঠার সুযোগ হারিয়েছে ইংল্যান্ড। এখন বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ফ্রান্সের মুখোমুখি হতে হবে তাদের। তবে এই ম্যাচ নিয়ে খুব একটা আগ্রহী নন ইংল্যান্ডের কোচ থমাস টুখেল।
টুখেলের মতে, ফাইনালে খেলার স্বপ্ন শেষ হওয়ার পর তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মাঠে নামা খেলোয়াড়দের জন্য অনেকটা অনিচ্ছাকৃত দায়িত্বের মতো।
শনিবার (১৮ জুলাই) বাংলাদেশ সময় দিবাগত রাত ৩টায় মায়ামিতে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ফ্রান্সের বিপক্ষে খেলবে ইংল্যান্ড।
ম্যাচের আগে সংবাদ সম্মেলনে টুখেল বলেন, দলের কোনো খেলোয়াড়ই এই ম্যাচ খেলতে চায় না। একই অবস্থা ফ্রান্সের খেলোয়াড়দেরও। সবাই ফাইনালে খেলতে চেয়েছিল এবং সেই লক্ষ্য পূরণে সর্বোচ্চ চেষ্টা করেছে। তবে এখন পেশাদারিত্বের সঙ্গে মাঠে নামতে হবে।
তিনি আরও বলেন, ফ্রান্সের তুলনায় ইংল্যান্ড একদিন কম বিশ্রাম পেয়েছে। তারপরও দল নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করবে।
সেমিফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে শুরুতে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ২-১ গোলে হেরে যায় ইংল্যান্ড। অ্যান্থনি গর্ডনের গোলে এগিয়ে যাওয়ার পর এনজো ফার্নান্দেজ ও লাউতারো মার্টিনেজের গোলে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় আর্জেন্টিনা।
হার নিয়ে হতাশ হলেও দলের পারফরম্যান্সে সন্তুষ্ট টুখেল। তিনি বলেন, চার বছর পর আবার বিশ্বকাপের সুযোগ আসবে, তাই সেমিফাইনালে পৌঁছানো বড় অর্জন। অনেক শক্তিশালী দল এর আগেই বিদায় নিয়েছে। তবে এই মুহূর্তে কেউ সাফল্যের কথা শুনতে চাইছে না, কারণ দল ফাইনালে খেলার লক্ষ্য নিয়েই এসেছিল।
মন্তব্যসমূহ