নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অবস্থিত আদমজী ইপিজেডের অনন্ত অ্যাপারেলস লিমিটেডের গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের প্রায় তিন ঘণ্টার চেষ্টায় বুধবার (১৫ জুলাই) সকাল ৭টা ১০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, ভোর ৪টা ১০ মিনিটের দিকে কারখানার গোডাউনে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে আদমজী, কাঁচপুর, শিবু মার্কেট ও নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের ১১টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। এর মধ্যে ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে সরাসরি কাজ করে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ঢাকা বিভাগের উপ-পরিচালক মো. ছালেহ উদ্দিন জানান, আগুন নিয়ন্ত্রণে অতিরিক্ত ইউনিটসহ মোট ১১টি ইউনিট প্রস্তুত ছিল। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে এসেছে।
তিনি বলেন, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নির্ধারণ করা সম্ভব হয়নি। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
মন্তব্যসমূহ