আওয়ামী লীগ সরকারের শাসনামলে শতাধিক গুম ও হত্যাকাণ্ডের অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়েছে। শুনানির একপর্যায়ে ট্রাইব্যুনাল মন্তব্য করেছেন, জিয়াউল আহসানের মতো অন্য কোনো আসামিকে এত সুযোগ-সুবিধা দেওয়া হয়নি। এরপরও তিনি সুযোগ-সুবিধা না পাওয়ার অভিযোগ করে যাচ্ছেন।
রোববার (২৯ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ শুনানি অনুষ্ঠিত হচ্ছে।
শুনানি চলাকালে জিয়াউল আহসানের সুযোগ-সুবিধা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন ট্রাইব্যুনাল। আদালতের পর্যবেক্ষণে বলা হয়, অন্য আসামিদের তুলনায় তাঁকে বেশি সুযোগ দেওয়া হলেও তিনি সেসব সুযোগ পাননি বলে গণমাধ্যমে অভিযোগ জানাচ্ছেন।
নিরাপত্তাজনিত কারণে জিয়াউল আহসান সশরীরে আদালতে উপস্থিত না হয়ে ভার্চুয়ালি বিচারিক কার্যক্রমে অংশ নিচ্ছেন। তাঁর পক্ষে আইনি যুক্তি উপস্থাপন করছেন আইনজীবী সাহিদুর রহমান ও নাজনীন নাহার।
এর আগে গত ২৬ নভেম্বর রাষ্ট্রপক্ষের তৃতীয় দিনের সমাপনী যুক্তিতর্কে জিয়াউল আহসানের সর্বোচ্চ শাস্তি দাবি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।
সেদিন রাষ্ট্রপক্ষের বক্তব্যে জিয়াউল আহসানকে নৃশংস খুনি, মানবতাবিরোধী অপরাধী, আন্তর্জাতিক আইনে স্বীকৃত বিশ্বাসঘাতক, জঘন্য সিরিয়াল কিলার এবং বিশ্বমানবতার কলঙ্ক হিসেবে আখ্যায়িত করেন অ্যাটর্নি জেনারেল।
তিনি জিয়াউল আহসানকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের আদেশ চান। একই সঙ্গে তাঁর সব সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করে সেই সম্পদ থেকে ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও ভুক্তভোগীদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার আবেদন জানান।
একই দিন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলামও জিয়াউল আহসানের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে ট্রাইব্যুনালে আবেদন করেন।
রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক শেষ হওয়ার পর রোববার আসামিপক্ষ নিজেদের বক্তব্য উপস্থাপনের সুযোগ পায়। শতাধিক গুম ও হত্যাকাণ্ডের অভিযোগসংক্রান্ত এই মামলায় এখন আসামিপক্ষের যুক্তিতর্ক শুনছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।














মন্তব্যসমূহ