দেশের গুরুত্বপূর্ণ তথ্যপ্রযুক্তি অবকাঠামো সুরক্ষা, ডিজিটাল সার্বভৌমত্ব নিশ্চিত এবং ২০৩৩ সালের মধ্যে শতভাগ ডিজিটাল রূপান্তরের মাধ্যমে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য তুলে ধরেছে বেসিস সংস্কার পরিষদ। একই সঙ্গে সফটওয়্যার খাতের সংগঠন বেসিসের গঠনতন্ত্র সংস্কার ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের দাবিতে তিন দফা মূল দাবি এবং সরকারের কাছে ১০ দফা সুপারিশ পেশ করেছে সংগঠনটি।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের মাওলানা আকরাম খাঁ সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বেসিস সংস্কার পরিষদের উপদেষ্টা প্রকৌশলী মো. মিজানুর রহমান।
সংবাদ সম্মেলনে বলা হয়, দেশের সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি খাতের টেকসই উন্নয়নের জন্য সংগঠনটির অভ্যন্তরীণ সংস্কার জরুরি। বিশেষ করে প্রকৃত সফটওয়্যার নির্মাতা ও সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিত্ব নিশ্চিত করতে বেসিসের গঠনতন্ত্রে বিদ্যমান অস্পষ্টতা দূর করার দাবি জানানো হয়।
পরিষদের নেতারা অভিযোগ করেন, বেসিসের ভোটার তালিকা ও নির্বাচনব্যবস্থায় অনিয়মের সুযোগ রয়েছে। এ কারণে তথাকথিত ‘পকেট ভোটার’ বাদ দিয়ে প্রকৃত সদস্যদের অংশগ্রহণে দ্রুত অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের দাবি জানান তাঁরা।
সংবাদ সম্মেলনে জাতীয় তথ্যপ্রযুক্তি অবকাঠামোর নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়। বক্তারা বলেন, সরকারি তথ্যভান্ডার, জাতীয় পরিচয়পত্রের তথ্য, জন্মনিবন্ধন, ভূমি রেকর্ড এবং আর্থিক প্রতিষ্ঠানের সংবেদনশীল তথ্যের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।
প্রকৌশলী মো. মিজানুর রহমান অভিযোগ করেন, বিগত সরকারের সময়ে ডিজিটাল বাংলাদেশ ও স্মার্ট বাংলাদেশের নামে বিভিন্ন প্রকল্পে অনিয়ম, অর্থ পাচার এবং রাষ্ট্রীয় তথ্যের নিরাপত্তা ঝুঁকির ঘটনা ঘটেছে। তবে এসব অভিযোগের পক্ষে সংবাদ সম্মেলনে কোনো নির্দিষ্ট তদন্ত প্রতিবেদন বা প্রমাণ প্রকাশ করা হয়েছে কি না, তা জানা যায়নি।
তিনি আরও অভিযোগ করেন, প্রশাসন ও তথ্যপ্রযুক্তি খাতের একটি অংশে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে বিশেষ গোষ্ঠীকে সুবিধা দেওয়া হচ্ছে। এতে সরকারি আইসিটি প্রকল্পের স্বচ্ছতা ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি গুরুত্বপূর্ণ ডিজিটাল অবকাঠামোর নিরাপত্তা ঝুঁকিতে পড়তে পারে।
এ অবস্থায় জাতীয় আইসিটি সিস্টেম, সফটওয়্যার ও ডেটাবেজের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
সংবাদ সম্মেলনে সরকারি প্রকল্পে সংশ্লিষ্ট ঠিকাদার ও প্রযুক্তি প্রতিষ্ঠানের কাজ পর্যালোচনা করে অনিয়মে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। একই সঙ্গে প্রতিবেশী দেশের প্রতিষ্ঠান এবং বিগত সরকারের সময়ে কাজ পাওয়া ব্যক্তি ও প্রতিষ্ঠানকে গুরুত্বপূর্ণ অবকাঠামো থেকে বাদ দেওয়ার প্রস্তাবও তুলে ধরে পরিষদ।
সরকারি আইসিটি প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা, নিয়মিত সাইবার নিরাপত্তা নিরীক্ষা এবং বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে দেশীয় প্রযুক্তি প্রতিষ্ঠানের অংশগ্রহণ নিশ্চিত করার সুপারিশ করা হয়।
এ ছাড়া কৌশলগত তথ্যপ্রযুক্তি পরিকল্পনা, স্টার্টআপ অনুদান এবং প্রকল্প মূল্যায়নের দায়িত্বে সংশ্লিষ্ট বিষয়ে দক্ষ ও অভিজ্ঞ ব্যক্তিদের নিয়োগ দেওয়ার দাবি জানানো হয়।
কর্মসংস্থান প্রসঙ্গে বেসিস সংস্কার পরিষদ জানায়, দেশে বিপুলসংখ্যক শিক্ষিত তরুণ চাকরির সুযোগের অপেক্ষায় রয়েছেন। পরিষদের উপস্থাপিত হিসাবে, প্রায় চার কোটি তরুণের মধ্যে ২৬ লাখ বেকার এবং প্রতিবছর প্রায় সাড়ে সাত লাখ স্নাতক শ্রমবাজারে প্রবেশ করছেন।
সংগঠনটির মতে, সরকারি নাগরিক সেবা, দাপ্তরিক কার্যক্রম ও বেসরকারি খাতকে পরিকল্পিতভাবে ডিজিটাল ব্যবস্থায় রূপান্তর করা গেলে নতুন কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরির বড় সুযোগ সৃষ্টি হবে।
এ লক্ষ্য বাস্তবায়নে ২০২৭ থেকে ২০৩৩ সাল পর্যন্ত সাত বছর মেয়াদি একটি জাতীয় ডিজিটাল রূপান্তর রোডম্যাপ প্রণয়নের সুপারিশ করেছে পরিষদ। পাশাপাশি বেসরকারি প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর জন্য বিশেষ প্রণোদনা ঘোষণার দাবিও জানানো হয়েছে।
সংবাদ সম্মেলনে আইসিটি খাতের বাইরে সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও কয়েকটি সুপারিশ তুলে ধরা হয়। এর মধ্যে সাম্প্রতিক হত্যাকাণ্ড, বোমা হামলা ও নাশকতার তদন্ত, শিল্পাঞ্চলে শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত এবং প্রশাসনিক জবাবদিহি জোরদারের দাবি রয়েছে।
শ্রমিকদের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়াতে মোবাইল অ্যাপ, কল সেন্টার ও ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারের প্রস্তাব দেওয়া হয়। পরিষদের মতে, এ ধরনের যোগাযোগব্যবস্থা গড়ে তোলা গেলে গুজব ও ভুল তথ্যের বিস্তার কমাতে সহায়তা করতে পারে।
এ ছাড়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিচারপ্রক্রিয়া ত্বরান্বিত করার দাবিও সংবাদ সম্মেলনে জানানো হয়।
অনুষ্ঠানে বেসিস সংস্কার পরিষদের উপদেষ্টা মো. রওশান কামাল জেমস, বেসিস অ্যাসোসিয়েট কমিটির আহ্বায়ক এ এইচ এম রোকমুনুজ্জামান রনি, যুগ্ম আহ্বায়ক মো. আবু তাহের ও সদস্যসচিব নাদিম ভূঁইয়া হৃদয়সহ সংগঠনের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
দাবি বাস্তবায়নে শান্তিপূর্ণ কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে বেসিস সংস্কার পরিষদ।














মন্তব্যসমূহ