সড়ক, রেল ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী সব উন্নয়ন প্রকল্পের কাজ দ্রুততার সঙ্গে গ্রহণ ও বাস্তবায়ন করা হচ্ছে। পদ্মা দ্বিতীয় সেতু, ঢাকা-চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও ঢাকা-কুমিল্লা কর্ডলাইনসহ যোগাযোগ খাতের গুরুত্বপূর্ণ প্রকল্পগুলো আগামী পাঁচ বছরে বাস্তবায়ন করা গেলে দেশের যোগাযোগ ও অবকাঠামো খাতে আমূল পরিবর্তন আসবে বলে জানান তিনি। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় এসব কাজ অগ্রাধিকার ভিত্তিতে করা হচ্ছে বলে উল্লেখ করেন মন্ত্রী।
আজ শুক্রবার (২০ নভেম্বর ২০২৬) দিনব্যাপী ঢাকা পরিবহণ সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) সম্মেলনকক্ষে ‘সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহণ মন্ত্রণালয়ের কার্যক্রম অবহিতকরণ’ শীর্ষক কর্মশালায় এসব কথা বলেন তিনি। রিপোর্টার্স ফর রেল অ্যান্ড রোডের (আরআরআর) সদস্যরা এতে অংশ নেন।
মন্ত্রী জানান, জনগুরুত্বপূর্ণ এসব প্রকল্পের কোনোটি প্রস্তুতি, কোনোটি সম্ভাব্যতা যাচাই এবং কোনোটি উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) প্রণয়নের পর্যায়ে রয়েছে। পদ্মা দ্বিতীয় সেতুর সম্ভাব্যতা যাচাই শুরু হয়েছে এবং এর বিস্তারিত নকশা নিয়েও কাজ চলছে।
ঢাকা-চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রসঙ্গে শেখ রবিউল আলম বলেন, প্রকল্পটির তিনটি বিকল্প নিয়ে কাজ হয়েছে; এর মধ্যে পুরোটা উড়ালসড়ক না করে আংশিক উড়ালসড়ক নির্মাণের দ্বিতীয় বিকল্পটি ব্যয়সাশ্রয়ী মনে হচ্ছে। এ বিষয়ে প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব দেওয়া হবে এবং অনুমোদন পেলে এক বছরের মধ্যে কাজ শুরু করা সম্ভব হতে পারে। এ ছাড়া প্রায় ৮৩ হাজার কোটি টাকার ঢাকা-কুমিল্লা কর্ডলাইন প্রকল্প পুরোপুরি উড়ালপথে নির্মাণের পরিকল্পনা করা হচ্ছে, যাতে জমি অধিগ্রহণ ও জটিলতা কম হয়।
প্রাতিষ্ঠানিক প্রক্রিয়ার কারণে একটি প্রকল্প গ্রহণের পর বাস্তবায়ন শুরু করতে এক থেকে দেড় বছর এবং বাস্তবায়নে আরও তিন থেকে চার বছর সময় লাগে বলে উল্লেখ করেন মন্ত্রী। সাংবাদিকদের খণ্ডিত তথ্য বা ধারণাপ্রসূত প্রতিবেদনের পরিবর্তে পূর্ণাঙ্গ তথ্য যাচাই করে সংবাদ প্রকাশের আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকারের ভুল-ত্রুটি অবশ্যই তুলে ধরতে হবে, পাশাপাশি প্রতিষ্ঠানকে সংশোধন ও বিকশিত করতেও ভূমিকা রাখতে হবে।
কর্মশালায় সড়ক ও রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেন, দায়িত্বশীল সাংবাদিকতায় অনিয়ম তুলে ধরা ও গঠনমূলক সমালোচনার মাধ্যমে সেবার মান উন্নয়নের সুযোগ রয়েছে; তবে তথ্য যাচাই ছাড়া সংবাদ প্রকাশ ও অপতথ্য প্রচার থেকে বিরত থাকা জরুরি।
ছয়টি অধিবেশনে বিভক্ত এ কর্মশালায় পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, সমন্বিত যোগাযোগব্যবস্থা ও সংশ্লিষ্ট খাতের চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হয়। এতে আরআরআরের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক তাওহীদুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক শিপন হাবীবসহ রেলপথ সচিব মো. ফাহিমুল ইসলাম, সেতু সচিব মোহাম্মদ আবদুর রউফ, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক, নৌপরিবহণ সচিব মো. আতাউর রহমান খান এবং রেলওয়ে, সওজ, বিআইডব্লিউটিএ, সেতু কর্তৃপক্ষ ও বুয়েটের সংশ্লিষ্ট শীর্ষ কর্মকর্তা ও বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।














মন্তব্যসমূহ