গ্রামীণ এলাকার যোগাযোগব্যবস্থা উন্নত করা, নদীভাঙন প্রতিরোধ, খাল ও নদী খনন এবং সড়ক অবকাঠামো সম্প্রসারণের লক্ষ্যে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকা ব্যয়ের ১৬টি উন্নয়ন প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। অনুমোদিত প্রকল্পগুলোর অর্থায়নের বড় অংশই আসবে সরকারের নিজস্ব তহবিল থেকে।
বুধবার (১৮ নভেম্বর) বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত একনেক সভায় এসব প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমান।
সভায় অনুমোদন পাওয়া ১৬টি প্রকল্পের মধ্যে ১৪টি নতুন এবং দুটি সংশোধিত প্রকল্প। সব মিলিয়ে এসব প্রকল্প বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকা। এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়নের পরিমাণ ৩২ হাজার ৮৬৩ কোটি ৭৬ লাখ টাকা।
মন্ত্রণালয়ভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি প্রকল্প অনুমোদন পেয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। এ মন্ত্রণালয়ের অধীনে সাতটি প্রকল্প রয়েছে। এ ছাড়া পানি সম্পদ মন্ত্রণালয়ের চারটি প্রকল্পও অনুমোদিত হয়েছে।
প্রকল্পগুলোর মাধ্যমে গ্রামীণ যোগাযোগব্যবস্থার উন্নয়ন, সড়ক অবকাঠামো সম্প্রসারণ, নদীভাঙন রোধ এবং খাল-নদী খননের মতো গুরুত্বপূর্ণ অবকাঠামোগত কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্য নেওয়া হয়েছে।














মন্তব্যসমূহ