আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে সরকার আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নতুন প্রোগ্রামে যুক্ত হতে যাচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, আইএমএফের প্রোগ্রাম নিয়ে ইতিমধ্যে দুটি ওয়ার্কিং গ্রুপ কাজ করছে এবং জানুয়ারি বা ফেব্রুয়ারির মধ্যে তাদের কাজ সম্পন্ন হবে।
আজ রোববার (১৫ নভেম্বর ২০২৬) অর্থ মন্ত্রণালয় ও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) যৌথ আয়োজনে কক্সবাজারে অনুষ্ঠিত আন্তর্জাতিক ঋণ সম্মেলনের প্রথম দিনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অর্থমন্ত্রী এসব কথা জানান।
আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘আইএমএফের প্রোগ্রাম নিয়ে দুটি ওয়ার্কিং গ্রুপ কাজ করছে। আশা করছি তাদের কাজ জানুয়ারি বা ফেব্রুয়ারির মধ্যে শেষ হবে। এ সময়ের মধ্যে সব প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে এবং সবকিছু চালু (অন) হয়ে যাবে।’
আইএমএফের শর্ত ও আগের চুক্তি প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, ‘শর্তের কারণে আইএমএফের প্রোগ্রাম থেকে পিছিয়ে গেছি, বিষয়টি তা নয়। বিগত ফ্যাসিস্ট সরকারের সময় আইএমএফের সঙ্গে যে প্রোগ্রাম হয়েছিল, সেখানে এমন অনেকগুলো বিষয় ছিল যেগুলো একটি নির্বাচিত সরকারের পক্ষে বাস্তবায়ন করা সম্ভব নয়।’
তিনি আরও বলেন, অর্থনৈতিক সংস্কারের জন্য সময়ের প্রয়োজন রয়েছে। রাতারাতি কোনো পদক্ষেপ নিতে গেলে এমন কিছু সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, যার ফলে সাধারণ জনগণকে ভুগতে হবে, দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে এবং ব্যবসায়ীরাও ক্ষতির মুখে পড়বেন।
বৈশ্বিক অর্থনৈতিক প্রেক্ষাপটের পরিবর্তনের কথা উল্লেখ করে আমির খসরু বলেন, ‘বিশ্বে একটি বড় ধরনের পরিবর্তন হয়েছে। এটি মাথায় রেখেই আমাদের অর্থনৈতিক ফ্রেমওয়ার্ক সমন্বয় বা অ্যালাইন করতে হবে। সরকারের পঞ্চবার্ষিকী উন্নয়ন প্রোগ্রামের সঙ্গে সবাই যুক্ত হচ্ছে। বিশ্বব্যাংক হচ্ছে, এডিবি হয়েছে, জাইকা হচ্ছে। সব উন্নয়ন অংশীদার আমাদের প্রোগ্রামের সঙ্গে সমন্বয় না করলে আমরা কাজগুলো করতে পারব না, এবং আইএমএফও এখন আমাদের পরিকল্পনার সঙ্গে সমন্বয় করছে।’














মন্তব্যসমূহ