ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আগামী ৭ নভেম্বর রাজধানীতে এক বিশাল ও বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এ কর্মসূচিতে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে রাজপথে স্বয়ং পায়ে হেঁটে অংশ নেবেন এবং নেতৃত্ব দেবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও দলের চেয়ারম্যান তারেক রহমান।
নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, আগামী ৭ নভেম্বর (শনিবার) বিকাল ৩টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই বর্ণাঢ্য শোভাযাত্রাটি আনুষ্ঠানিকভাবে শুরু হবে।
বুধবার (৪ নভেম্বর ২০২৬) বিকালে রাজধানীর মিরপুরের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত প্রস্তুতিমূলক এক বিশেষ মতবিনিময় সভায় এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন।
সভায় প্রধান আলোচকের বক্তব্যে মিল্টন বলেন, ‘আগামী ৭ নভেম্বরের ঐতিহাসিক কর্মসূচিতে ঢাকার রাজপথে সাধারণ নেতাকর্মী ও আপামর জনতার সঙ্গে নিজে পায়ে হেঁটে শোভাযাত্রায় অংশ নেবেন এবং নেতৃত্ব দেবেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।’ এ কর্মসূচি সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে তিনি উপস্থিত নেতাকর্মীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
মতবিনিময় সভায় দলীয় শৃঙ্খলা ও নৈতিকতার ওপর সর্বোচ্চ গুরুত্বারোপ করেন শফিকুল ইসলাম খান মিল্টন। তিনি দলের ভেতর সুবিধাভোগী চক্রের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দল ও ক্ষমতার নাম ভাঙিয়ে কেউ কোনো ধরনের ব্যক্তিগত অনৈতিক সুযোগ-সুবিধা নেওয়ার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক সাংগঠনিক ও প্রশাসনিক কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। দলের দীর্ঘদিনের সুনাম ও ভাবমূর্তি ক্ষুণ্ন করতে পারে—এমন ব্যক্তিদের ইতিমধ্যে চিহ্নিত করার কাজ পুরোদমে চলছে।
পাশাপাশি, বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পুনর্বাসন কিংবা প্রতিষ্ঠায় যারা গোপনে সহায়তা করার অপচেষ্টা চালাচ্ছেন, তাদের বিরুদ্ধেও কড়া বার্তা দেন তিনি। কোনো প্রকার উসকানি বা অনুপ্রবেশের ফাঁদে পা না দিয়ে সম্পূর্ণ শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও ঐক্যবদ্ধভাবে ৭ নভেম্বরের ঐতিহাসিক শোভাযাত্রায় অংশ নিতে দলের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান এই বিএনপি নেতা।














মন্তব্যসমূহ