ভালুকায় ৫ কেন্দ্র অধিক ঝুঁকিপূর্ণ

- আপডেট: বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
- / 7
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের বিভিন্ন ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম বিতরণ করা হয়েছে।
বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল থেকে ভালুকা উপজেলা পরিষদ হলরুমে প্রিসাইডিং ও সহকারী প্রিসাইডিং কর্মকর্তাদের কাছে ব্যালট পেপার, গণভোটের ব্যালট, অমোচনীয় কালিসহ প্রয়োজনীয় উপকরণ বুঝিয়ে দেওয়া হয়। সরঞ্জাম গ্রহণের পর আনসার ও পুলিশ সদস্যদের নিরাপত্তা বেষ্টনীর মধ্যে সংশ্লিষ্ট কর্মকর্তারা সেগুলো নিজ নিজ কেন্দ্রে নিয়ে যাচ্ছেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, উপজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ১০৭টি ভোটকেন্দ্র রয়েছে। এর মধ্যে ৫টি কেন্দ্রকে ‘অধিক ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব কেন্দ্রে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানানো হয়।
নির্বাচন কার্যালয়ের তথ্য অনুযায়ী, এ আসনে মোট ভোটার ৩ লাখ ৫৮ হাজার ৬৫৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭৮ হাজার ২০ জন, নারী ভোটার ১ লাখ ৮০ হাজার ৬৩৬ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৩ জন। তরুণ ভোটারের সংখ্যা আনুমানিক ২৩ হাজার।
ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনে এবারের নির্বাচনে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন বিএনপির ফখর উদ্দিন আহমেদ, স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ মোর্শেদ আলম, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে জাহিদুল ইসলাম, গণঅধিকার পরিষদ (জিওপি) থেকে মোহাম্মদ আনোয়ারুল ইসলাম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে মো. মোস্তফা কামাল।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই আসনে মূল লড়াই হতে পারে বিএনপির প্রার্থী ফখর উদ্দিন আহমেদ, স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ মোর্শেদ আলম এবং এনসিপির প্রার্থী জাহিদুল ইসলামের মধ্যে।























