সৈয়দপুর বিমানবন্দরে নগদ টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াত আমির আটক

- আপডেট: বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
- / 14
সৈয়দপুর বিমানবন্দর এলাকা থেকে বিপুল পরিমাণ নগদ টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমির বেলাল উদ্দিনকে আটক করেছে পুলিশ। বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে তাকে হেফাজতে নেওয়া হয়।
পুলিশ বলছে, প্রাথমিকভাবে উদ্ধার হওয়া টাকার পরিমাণ প্রায় ৫০ লাখ টাকা। তবে টাকা গণনা চলছিল বলে জানিয়েছে সংশ্লিষ্ট থানা পুলিশ। সৈয়দপুর বিমানবন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম গণমাধ্যমকে বলেন, আটক ব্যক্তি দাবি করেছেন টাকা তার ব্যবসার।
অন্যদিকে, আটক হওয়ার পর ধারণ করা একটি ভিডিওতে বেলাল উদ্দিন বলেন, টাকার পরিমাণ প্রায় ৬০ লাখ টাকা এবং সেটি তার ব্যবসার টাকা।
বেলাল উদ্দিন সালন্দর ইসলামিয়া কামিল মাদরাসার শিক্ষক। তিনি ঠাকুরগাঁও শহরের হাজীপাড়া এলাকার বাসিন্দা। তার বাবার নাম দবিরুল ইসলাম বলে জানা গেছে।
পুলিশ জানিয়েছে, উদ্ধার অর্থের বৈধ উৎস যাচাইসহ পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
























