নির্বাচন নিয়ে জামায়াত আমিরের সঙ্গে ইইউ পর্যবেক্ষক প্রধানের বৈঠক

- আপডেট: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬
- / 13
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ও ইউরোপীয় পার্লামেন্ট সদস্য ইভারস ইজাবসের নেতৃত্বে ১৫ সদস্যের একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশ-ইইউ সম্পর্কের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হয়। পাশাপাশি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে দুই পক্ষ ঘনিষ্ঠভাবে কাজ করবে বলেও বৈঠকে উল্লেখ করা হয়। নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা ও অংশগ্রহণ বাড়ানো এবং দেশের সাংবিধানিক ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী ও টেকসই করার বিষয়েও তারা মতবিনিময় করেন।
এ সময় ইইউ প্রতিনিধিদল জানায়, বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ইউনিয়নের পক্ষ থেকে প্রায় ২০০ সদস্যের একটি পর্যবেক্ষক দল মাঠে কাজ করবে।
বৈঠকে ভবিষ্যতেও বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের দ্বিপক্ষীয় সম্পর্ক, উন্নয়ন সহযোগিতা এবং অগ্রগতির ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ প্রকাশ করা হয়।
সাক্ষাতে জামায়াতের পক্ষে উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার-মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, ইউরোপের মুখপাত্র ব্যারিস্টার আবু বকর মোল্লা, শিক্ষাবিদ ড. যুবায়ের আহমেদ এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মাহমুদুল হাসান।




























