নির্বাচনী দায়িত্বে নেই আগের নির্বাচনে অংশ নেওয়া পুলিশ সদস্যরা

- আপডেট: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬
- / 16
গত নির্বাচনে দায়িত্ব পালন করা পুলিশ সদস্যদের এবার নির্বাচনী কার্যক্রম থেকে দূরে রাখা হয়েছে বলে জানিয়েছেন বাহারুল আলম। তিনি বলেন, আসন্ন নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সম্পূর্ণ নিরপেক্ষ অবস্থান বজায় রেখে দায়িত্ব পালন করছে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন পুলিশের মহাপরিদর্শক।
আইজিপি জানান, নির্বাচন ঘিরে নিরাপত্তা প্রস্তুতি সম্পূর্ণ রয়েছে এবং কেউ নির্বাচন প্রক্রিয়া ব্যাহত করতে পারবে না। যেকোনো উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় পর্যাপ্ত স্ট্রাইকিং ফোর্স প্রস্তুত রাখা হয়েছে।
নির্বাচনী দায়িত্বে পুলিশের ভূমিকা ব্যাখ্যা করে তিনি বলেন, গত নির্বাচনে যেসব পুলিশ সদস্য দায়িত্বে ছিলেন, তাদের এবার নির্বাচন সংশ্লিষ্ট দায়িত্ব দেওয়া হয়নি। এর মাধ্যমে পুলিশের নিরপেক্ষতা আরও জোরদার করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, এবারের নির্বাচনের মধ্য দিয়ে পুলিশ বাহিনী তাদের হারানো আস্থা ও ভাবমূর্তি পুনরুদ্ধার করতে পারবে।
আইজিপি জানান, নিরাপত্তা ব্যবস্থাকে তিনটি স্তরে ভাগ করা হয়েছে—ভোটকেন্দ্রভিত্তিক নিরাপত্তা, ভ্রাম্যমাণ টহল দল এবং স্ট্রাইকিং ফোর্স। এ লক্ষ্যে সারাদেশে মোট ১ লাখ ৮৭ হাজার ৬০৩ জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। পুলিশের পাশাপাশি সেনাবাহিনী, নৌবাহিনী ও আনসার সদস্যরাও নির্বাচনী নিরাপত্তায় যুক্ত রয়েছেন।
তিনি আরও জানান, ইতোমধ্যে ২৭ হাজার ৯৯৫টি বৈধ অস্ত্র জমা নেওয়া হয়েছে। প্রায় ৯০ শতাংশ ভোটকেন্দ্রে সিসিটিভি স্থাপন করা হয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বডি-ওর্ন ক্যামেরা ও ড্রোন ব্যবহারের পরিকল্পনাও রয়েছে।
সহিংসতার বিষয়ে আইজিপি বলেন, তফসিল ঘোষণার পর থেকে সীমিত আকারে কিছু সহিংস ঘটনা ঘটেছে। ১১ ডিসেম্বর থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত ৩১৭টি ঘটনায় পাঁচজন নিহত এবং ৬০৩ জন আহত হয়েছেন।
তিনি সতর্ক করে বলেন, কোনো এলাকায় সংঘবদ্ধ সহিংসতা বা মব সৃষ্টির চেষ্টা হলে শুধু সংশ্লিষ্ট কেন্দ্র নয়, প্রয়োজনে পুরো আসনের ভোটগ্রহণ স্থগিত করার সিদ্ধান্ত নিতে পারে নির্বাচন কমিশন।




























