কৃষ্ণসাগরে ড্রোন হামলায় ডুবল পণ্যবাহী জাহাজ? উদ্ধার ১২ নাবিক
বুলগেরিয়ার কৃষ্ণসাগর উপকূলে সোমালিয়ার পতাকাবাহী একটি পণ্যবাহী জাহাজ ডুবে গেছে। জাহাজটিতে প্রায় ৩ হাজার মেট্রিক টন গম ছিল। ডুবে যাওয়ার আগে জাহাজটি থেকে বিপৎসংকেত পাঠানো হলে উদ্ধার অভিযান শুরু হয়। এতে ১২ জন নাবিকের সবাইকে জীবিত উদ্ধার করা হয়েছে।সোমবার (১৬ নভেম্বর) ভোরে বুলগেরিয়ার উপকূলের কাছে এ ঘটনা ঘটে। উদ্ধার হওয়া নাবিকদের দাবি, দুটি সামুদ্রিক ড্রোনের আঘাতে তাঁদের জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়েছিল। তবে হামলার জন্য কারা দায়ী, তা নিশ্চিত হওয়া যায়নি।বুলগেরিয়ার পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, দুর্ঘটনাকবলিত জাহাজটির নাম ‘বেতুল ৮’। এটি রোমানিয়া থেকে মিসরের উদ্দেশে যাচ্ছিল।যাত্রাপথে জাহাজটি বুলগেরিয়ার কেপ কালিয়াকরা থেকে প্রায় ৪০ নটিক্যাল মাইল বা ৭৪ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থান করার সময় বিপৎসংকেত পাঠায়।সংকেত পাওয়ার পর বুলগেরিয়া উদ্ধার তৎপরতা শুরু করে। অভিযানে বুলগেরিয়া, রোমানিয়া ও তুরস্কের চারটি জাহাজ অংশ নেয়।পরে বুলগেরিয়ার একটি হেলিকপ্টারে করে উদ্ধার হওয়া নাবিকদের উপকূলে নিয়ে আসা হয়।উদ্ধার হওয়া ১২ জনের মধ্যে আটজন তুরস্কের এবং চারজন আজারবাইজানের নাগরিক। কর্তৃপক্ষ জানিয়েছে, তাঁরা সবাই সুস্থ রয়েছেন।উদ্ধারের পর বুলগেরিয়ার বন্দরনগরী ভারনায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নাবিকেরা। তাঁদের ভাষ্য অনুযায়ী, দুটি সামুদ্রিক ড্রোন জাহাজটিতে আঘাত হেনেছিল। এর ফলে জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়ে ডুবে যায়।তবে জাহাজটিতে সত্যিই ড্রোন হামলা হয়েছিল কি না এবং হামলা হয়ে থাকলে কারা তা চালিয়েছে, সে বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।কৃষ্ণসাগরে একের পর এক জাহাজে হামলাবেতুল ৮ ডুবে যাওয়ার আগে সপ্তাহান্তে রোমানিয়ার উপকূলের কাছেও তিনটি জাহাজে হামলার ঘটনা ঘটে। রোমানিয়া কর্তৃপক্ষ জানিয়েছে, সেসব ঘটনায় কেউ হতাহত হয়নি।সোমবার রোমানিয়ার পররাষ্ট্রমন্ত্রী দান নেকুলায়েস্কু এসব হামলাকে ‘অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেন।সামুদ্রিক নিরাপত্তা প্রতিষ্ঠান ডায়াপ্লাসের তথ্য অনুযায়ী, গত জুলাইয়ের মাঝামাঝি থেকে বুলগেরিয়া ও রোমানিয়ার উপকূলীয় এলাকায় হামলার শিকার হওয়া জাহাজগুলোর মধ্যে বেতুল ৮ হলো ১৭তম।কৃষ্ণসাগরের এই অঞ্চলের নৌপথ দিয়ে ইউক্রেনের খাদ্যশস্যসহ বিভিন্ন পণ্য আন্তর্জাতিক বাজারে পরিবহন করা হয়।ইউক্রেন বিশ্বের অন্যতম প্রধান গম রপ্তানিকারক দেশ। চার বছরের বেশি সময় আগে রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর থেকে দেশটির কৃষ্ণসাগরীয় বন্দরগুলো বারবার হামলার মুখে পড়েছে।বুলগেরিয়া ও রোমানিয়া উভয় দেশই পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্য। সাম্প্রতিক জাহাজে হামলার ঘটনায় দুই দেশের কর্মকর্তাদের কেউ কেউ রাশিয়ার বিরুদ্ধে অভিযোগ তুলেছেন।তবে বুলগেরিয়া জানিয়েছে, হামলাগুলোর পেছনে কারা রয়েছে, সে বিষয়ে এখনো অকাট্য প্রমাণ পাওয়া যায়নি।অন্যদিকে রাশিয়া এর আগে ওই অঞ্চলে প্রাণঘাতী ড্রোন হামলায় নিজেদের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছে।এমন পরিস্থিতিতে কৃষ্ণসাগরে নতুন করে পণ্যবাহী জাহাজডুবির ঘটনা আন্তর্জাতিক নৌপরিবহন ও খাদ্যশস্য সরবরাহের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়িয়েছে।সূত্র : আল জাজিরা