আর্জেন্টাইন ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজকে বার্সেলোনার কাছে বিক্রি না করার সিদ্ধান্তে অনড় রয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। ক্লাবটির পরিচালনা পর্ষদও সর্বসম্মতভাবে এই অবস্থানের প্রতি সমর্থন জানিয়েছে। ফলে চলতি দলবদলের বাজারে আলভারেজকে ঘিরে বার্সেলোনার পরিকল্পনা বড় বাধার মুখে পড়েছে।অ্যাটলেটিকো এক বিবৃতিতে জানিয়েছে, পরিচালনা পর্ষদের সব সদস্য বার্সেলোনার সঙ্গে আলভারেজের সম্ভাব্য দলবদল নিয়ে কোনো আলোচনা না করার সিদ্ধান্তে একমত হয়েছেন।ক্লাবটির ভাষ্য, দলবদলের বাজারে তারা অন্য ক্লাবের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত। তবে সেই আলোচনা অবশ্যই নৈতিকতা, পেশাদারত্ব এবং পারস্পরিক সম্মানের ভিত্তিতে হতে হবে। অ্যাটলেটিকোর অভিযোগ, বার্সেলোনা সেই মানদণ্ড অনুসরণ করেনি। এ কারণেই আলভারেজকে নিয়ে দুই ক্লাবের মধ্যে কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি এবং ভবিষ্যতেও হবে না।[BANGVIEWS-POST:4595]অ্যাটলেটিকোর এই অবস্থান এমন এক সময়ে এলো, যখন বার্সেলোনা সভাপতি হুয়ান লাপোর্তা প্রকাশ্যেই আলভারেজকে দলে নেওয়ার আগ্রহের কথা জানিয়েছেন। তবে অ্যাটলেটিকো কর্তৃপক্ষ বারবার জানিয়ে আসছে, ২৬ বছর বয়সী এই ফরোয়ার্ডকে বার্সেলোনার কাছে বিক্রি করার কোনো পরিকল্পনা তাদের নেই।আলভারেজ ২০২৪ সালে ম্যানচেস্টার সিটি থেকে অ্যাটলেটিকো মাদ্রিদে যোগ দেন এবং তার সঙ্গে ক্লাবটির চুক্তি রয়েছে ২০৩০ সাল পর্যন্ত। অ্যাটলেটিকোর হয়ে এখন পর্যন্ত তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এবং ক্লাবের দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবেই তাকে দেখা হচ্ছে।সাম্প্রতিক সময়ে আলভারেজের ভবিষ্যৎ নিয়ে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। বার্সেলোনার পাশাপাশি আরও কয়েকটি ক্লাবের আগ্রহের খবরও প্রকাশিত হয়েছে। তবে অ্যাটলেটিকোর সর্বশেষ বিবৃতির পর অন্তত বার্সেলোনার সঙ্গে সম্ভাব্য দলবদলের পথ আপাতত বন্ধ বলেই মনে করা হচ্ছে।