ঢাকা    সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ ২৯ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

সৌদির বিমানবন্দর নিয়ে মার্কিন নাগরিকদের নতুন সতর্কবার্তা

সৌদি আরবের বিমানবন্দরগুলোতে ধারাবাহিক হামলার পর দেশটিতে অবস্থানরত মার্কিন নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর ও দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন করে হামলার পর এ সতর্কতা জারি করা হয়েছে। রোববার (১১ অক্টোবর) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের কনস্যুলার বিষয়ক ব্যুরোর ‘ট্রাভেলগভ’ অ্যাকাউন্টে দেওয়া বার্তায় সৌদি আরবের বিমানবন্দর ব্যবহারে মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের কথা বলা হয়।মার্কিন মিশনের নিরাপত্তা সতর্কবার্তায় রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন হামলার বিষয়টি উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরও লক্ষ্যবস্তু হয়েছে বলে জানানো হয়। যুক্তরাষ্ট্রের সর্বশেষ ভ্রমণ নির্দেশনায় সৌদি আরবকে ‘লেভেল ৩: রিকনসিডার ট্রাভেল’ বা ভ্রমণের বিষয়টি পুনর্বিবেচনার তালিকায় রাখা হয়েছে। দেশটিতে ইরান ও ইরান-সমর্থিত হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঝুঁকির কথাও উল্লেখ করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। এ ছাড়া সৌদি আরবে কর্মরত মার্কিন সরকারি কর্মকর্তাদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহারের আগে বিশেষ অনুমোদন নিতে বলা হয়েছে। মার্কিন নাগরিকদেরও একই ধরনের সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। ফ্লাইট বাতিল, আকাশসীমা বন্ধ এবং যাতায়াতে আকস্মিক বিঘ্ন ঘটতে পারে বলেও সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। তাই সৌদি আরবগামী বা সৌদি আরব থেকে যাত্রার ক্ষেত্রে সংশ্লিষ্ট বিমান সংস্থা ও বিমানবন্দরের সঙ্গে সরাসরি যোগাযোগ করে সর্বশেষ ফ্লাইট পরিস্থিতি জেনে নিতে বলা হয়েছে।সৌদি আরবের বিমানবন্দরগুলোতে সাম্প্রতিক হামলার মধ্যে শনিবার রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে বড় ধরনের হামলায় ১২ জন নিহত এবং ৩০০ জনের বেশি আহত হন বলে সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে। পরদিন একই বিমানবন্দরে ফের হামলায় একজন নিহত ও ১১ জন আহত হন। হুথিদের হামলার কারণে সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল ও গুরুত্বপূর্ণ অবকাঠামোর নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও বেড়েছে। পরিস্থিতির মধ্যে যুক্তরাষ্ট্রের পাশাপাশি অন্যান্য দেশও তাদের নাগরিকদের জন্য ভ্রমণ ও নিরাপত্তা নির্দেশনা জোরদার করছে।সূত্র: আল জাজিরা

সৌদির বিমানবন্দর নিয়ে মার্কিন নাগরিকদের নতুন সতর্কবার্তা