ডিসেম্বর ঘিরে হিলি সীমান্তে সর্বোচ্চ সতর্কতা বিজিবির
ডিসেম্বর মাসকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে দিনাজপুরের হিলি সীমান্তে নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তে নিয়মিত টহলের পাশাপাশি ড্রোন, নাইটভিশন ডিভাইস, সিসিটিভি ক্যামেরা ও ওয়াচ টাওয়ারের মাধ্যমে নজরদারি বাড়ানো হয়েছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় অতিরিক্ত সদস্যদেরও প্রস্তুত রাখা হয়েছে।বুধবার (২৫ নভেম্বর) হিলি সীমান্তের নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লতিফুল বারী। বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, মাদক ও চোরাচালান এবং নারী ও শিশুপাচার রোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হয়। তবে ডিসেম্বর মাসকে ঘিরে সম্ভাব্য অস্থিতিশীলতা ও নাশকতার আশঙ্কার পরিপ্রেক্ষিতে এবার নজরদারি আরও বাড়ানো হয়েছে।বিশেষ করে সীমান্তের যেসব এলাকায় কাঁটাতারের বেড়া নেই, সেখানে ড্রোন ও সার্চলাইটের মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে। দিনের পাশাপাশি রাতেও সীমান্তের গুরুত্বপূর্ণ স্থানগুলো পর্যবেক্ষণে রাখা হয়েছে।হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে আসা পাসপোর্টধারী যাত্রী এবং আমদানি পণ্যবাহী ট্রাকেও তল্লাশি জোরদার করা হয়েছে। বৈধ যাতায়াত ও বাণিজ্য কার্যক্রম স্বাভাবিক রেখে অবৈধ অনুপ্রবেশ ঠেকানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।লেফটেন্যান্ট কর্নেল লতিফুল বারী বলেন, ডিসেম্বর বাংলাদেশের বিজয়ের মাস। এ মাসকে সামনে রেখে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির বিষয়ে বিভিন্ন গুজব ছড়ানো হচ্ছে। এসব পরিস্থিতি বিবেচনায় সীমান্তের নিরাপত্তাব্যবস্থা আরও শক্তিশালী করা হয়েছে।তিনি জানান, থার্মাল ইমেজিং প্রযুক্তি ও নাইটভিশন সুবিধাসম্পন্ন ড্রোনের মাধ্যমে দিনরাত নজরদারি চলছে। সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলোতে সার্চলাইট, ফ্লাডলাইট ও অন্যান্য পর্যবেক্ষণ সরঞ্জাম ব্যবহার করা হচ্ছে।পাশাপাশি প্রয়োজনে দ্রুত ব্যবস্থা নিতে বিশেষ সরঞ্জামসহ বিজিবির রিজার্ভ প্লাটুন প্রস্তুত রাখা হয়েছে। সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তির ব্যবহার অব্যাহত থাকবে বলেও জানান তিনি। এদিকে বিজিবির বাড়তি সতর্কতামূলক ব্যবস্থাকে স্বাগত জানিয়েছেন সীমান্ত এলাকার বাসিন্দারা। তাঁরা জানান, আগের তুলনায় বিজিবির টহল বেড়েছে। অপরিচিত বা সন্দেহজনক কাউকে দেখলে নিরাপত্তা বাহিনীকে জানানোর পরামর্শ দেওয়া হয়েছে।স্থানীয় বাসিন্দা রায়হান হোসেন বলেন, সীমান্ত এলাকায় অপরিচিত কেউ এলে বিষয়টি বিজিবিকে জানাতে বলা হয়েছে। আগে অনেক স্থানে একজন সদস্যকে টহল দিতে দেখা গেলেও এখন দলবদ্ধভাবে টহল চলছে।আরেক বাসিন্দা আব্দুস সালাম জানান, মাদক, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির তৎপরতা বাড়ায় স্থানীয় মানুষের মধ্যে স্বস্তি তৈরি হয়েছে।স্থানীয়দের মতে, সীমান্তে নিয়মিত নজরদারি ও নিরাপত্তাবাহিনীর উপস্থিতি অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে সহায়ক হতে পারে। এ ক্ষেত্রে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার কথাও জানিয়েছেন তাঁরা।বিজিবি জানিয়েছে, সীমান্তের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সতর্কতামূলক ব্যবস্থা অব্যাহত থাকবে।